দেবাশীষ সেনগুপ্ত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার বিশেষ ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব গ্রহণ করল রাজ্য মন্ত্রিসভা। পূজাবকাশ শুরুর আগে ডাকা বিশেষ বৈঠকে সর্বসম্মতিক্রমে ওই প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
মুখ্যমন্ত্রীর দাবি, ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী হিসেবে মোদীর নেতৃত্বে অর্থনীতি, পরিকাঠামো, শিল্প, বিনিয়োগ ও জনকল্যাণমূলক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সেই কারণেই পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা তাঁর প্রশাসনিক অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি জানিয়েছে।
আরও খবর : বন্ধ চা-বাগানের শ্রমিকদের পুজো-প্যাকেজ, ১৯,৫২৪ জন পাবেন ৫ হাজার টাকা ও অতিরিক্ত ৫০ কেজি চাল
শুভেন্দুর বক্তব্য, বাংলার ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রেও প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা, শান্তিনিকেতনকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি, দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতি, নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি সম্মান, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’-এর সরকারি মর্যাদা, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ মঠ-মিশন, ভারত সেবাশ্রম সংঘ, গৌড়ীয় মঠ-সহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধার কথাও উল্লেখ করেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, বাংলা ও ইংরেজি- দুই ভাষাতেই ওই প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। একই সঙ্গে ২০৪৭ সালের ‘বিকশিত ভারত’ গঠনে পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মন্ত্রিসভা প্রতিশ্রুতি দিয়েছে।
