ওয়েব ডেস্ক : বাংলাদেশের (Bangladesh) কক্সবাজারে সমুদ্রসৈকতের কাছে একটি রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল অন্তত ১০ জনের। শনিবার ভোরে এই ঘটনায় আরও অন্তত ৯ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। আগুনের তীব্রতায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে তিনতলা রিসর্টটি। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
জানা গিয়েছে, কক্সবাজারের ইনানিতে পাটোয়ারটেক সৈকতের কাছে মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় অবস্থিত ওই রিসর্টে আগুন লাগে। বাঁশ ও কাঠের মতো দাহ্য উপকরণ দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
আরও খবর : রাশিয়ার তেল কেনায় ভারত-চীনের উপর ১০০ শতাংশ শুল্ক আপাতত স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে দিল্লি
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। তবে ততক্ষণে আগুনে রিসর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কক্সবাজারের প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছে, উদ্ধার হওয়া দেহগুলির পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কাজ চলছে।
আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনের শরীরে আগুনে পোড়ার আঘাত রয়েছে। দুর্ঘটনার সময় রিসর্টে প্রায় ৩০ জন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাঁদের মধ্যে কয়েক জন বেরিয়ে আসতে সক্ষম হলেও বাকিদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। কীভাবে আগুন লাগল, অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কোনও ঘাটতি ছিল কি না এবং এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ার কারণ কী—তা খতিয়ে দেখা হচ্ছে।
