পাকিস্তানি গুপ্তচরের হানিট্র্যাপে নৌসেনার কর্মী, প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগে গ্রেফতার

Must Read

ওয়েব ডেস্ক : পাকিস্তানি গুপ্তচরের হানিট্র্যাপে পড়ে দেশের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগ উঠল ভারতীয় নৌসেনার এক কর্মীর বিরুদ্ধে। ঘটনায় কোয়েম্বাটোর থেকে ৩১ বছরের নৌসেনা কর্মী প্রদীপ মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশের (Andhrapradesh Police) কাউন্টার ইন্টেলিজেন্স সেল। শনিবার কোয়েম্বাটোরের রেড ফিল্ডস এলাকায় নৌসেনার প্রশিক্ষণ কেন্দ্র আইএনএস অগ্রণীতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা প্রদীপ ২০১৪ সালে ভারতীয় নৌসেনায় (Indian Navy) যোগ দেন। তিনি বিশাখাপত্তনমে অবস্থিত ইস্টার্ন নেভাল কমান্ডের অধীনে কর্মরত ছিলেন। ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট কোর্সে অংশ নিতে প্রায় এক সপ্তাহ আগে তিনি কোয়েম্বাটোরের আইএনএস অগ্রণীতে পৌঁছেছিলেন। অভিযোগ, কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক মহিলার সঙ্গে তাঁর যোগাযোগ হয়। তদন্তকারীদের দাবি, ওই মহিলা পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এবং ধীরে ধীরে বন্ধুত্ব তৈরি করে প্রদীপের কাছ থেকে সংবেদনশীল তথ্য সংগ্রহ করেন।

আরও খবর :  উৎসবের মরশুমে জ্বালানির দামে বড় ধাক্কা, বাড়ল পেট্রল-ডিজেলের দাম

তদন্তকারীদের দাবি, ওই নৌসেনা কর্মীর কাছ থেকে বিশাখাপত্তনম নৌঘাঁটির কৌশলগত নৌসম্পদ, যুদ্ধজাহাজের গতিবিধি এবং বিভিন্ন অপারেশনাল ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ তথ্য নেওয়া হয়েছিল। সন্দেহজনক ডিজিটাল কার্যকলাপ নজরে আসার পর অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স সেল প্রদীপের উপর নজরদারি শুরু করে। তাঁর বিরুদ্ধে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর নৌসেনা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর প্রদীপকে স্থানীয় আদালতে পেশ করে ট্রানজিট ওয়ারেন্ট নেওয়া হয়। এরপর তাঁকে বিজয়ওয়াড়ায় কাউন্টার ইন্টেলিজেন্সের সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক কতটা এবং কী ধরনের প্রতিরক্ষা তথ্য বাইরে গিয়েছে, তার বিস্তারিত জানতে তদন্ত চলছে। পাশাপাশি এই তথ্য পাচারের বিনিময়ে প্রদীপ কোনও অর্থ পেয়েছিলেন কি না, এবং হাওলা বা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Latest News

বীরভূমে জাতীয় সড়ক উন্নয়নে ৫০৮ কোটি, বড় ঘোষণা কেন্দ্রের

ওয়েব ডেস্ক : বীরভূমে (Birbhum) জাতীয় সড়ক উন্নয়নে বড়সড় বরাদ্দ করল কেন্দ্র (Central Government)। জেলার দুটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক...

More Articles Like This