ওয়েব ডেস্ক : দিল্লিতে ব্রিকস সম্মেলনের (BRICS Summit) মঞ্চে শনিবার নজর কাড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) একটি মুহূর্ত। ব্রিকস নেতাদের সামনে বক্তব্য রাখার সময় আচমকাই থেমে যান মোদি। তাঁর নজর চলে যায় চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi Jinping) দিকে। এর পরেই ভারতের প্রধানমন্ত্রী জানতে চান তিনি ঠিক আছেন কি না। ঘটনাটি স্থায়ী হয় মাত্র কয়েক মুহূর্ত। তবে সম্মেলন কক্ষে উপস্থিত নেতাদের নজর কেড়ে নেয় সেই মুহূর্ত। শি জিনপিংয়ের দিকে তাকিয়ে মোদি প্রথমে জানতে চান, “সব ঠিক আছে তো?” সঙ্গে সঙ্গে উত্তর না পাওয়ায় ফের একই প্রশ্ন করেন তিনি।
কেন আচমকা মোদি বক্তব্য থামিয়ে শি-র খোঁজ নিলেন, সেই কারণ প্রথমে স্পষ্ট হয়নি। তবে কিছুক্ষণ পর চীনা প্রেসিডেন্ট মাথা নেড়ে ইঙ্গিত দেন যে তিনি ঠিক আছেন। এরপর আর দেরি না করে নিজের বক্তব্য ফের শুরু করেন প্রধানমন্ত্রী। বলে রাখা দরকার, শি জিনপিংয়ের ভারত সফরও কূটনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সাত বছর পর প্রথম বার ভারতে এসেছেন চীনা প্রেসিডেন্ট। শনিবার দিল্লিতে পৌঁছে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন তিনি।
আরও খবর : ফের ধস সিকিমে! পাথর-কাদার স্রোতে অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে পাহাড়বাসী
দুই রাষ্ট্রনেতার বৈঠকে ভারত (India)-চীন (China) সম্পর্কের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই দেশই দীর্ঘমেয়াদি এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি নিয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে জোর দিয়েছে। পাশাপাশি মতপার্থক্য যেন কোনও ভাবেই বিবাদে পরিণত না হয়, সেই বার্তাও দেওয়া হয়েছে।
বৈঠকে সীমান্ত পরিস্থিতিও গুরুত্ব পেয়েছে। বিদ্যমান চুক্তি ও বোঝাপড়া মেনে চলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। সীমান্ত সমস্যার একটি ন্যায্য, যুক্তিসঙ্গত এবং দুই দেশের কাছে গ্রহণযোগ্য সমাধানের পক্ষেও সওয়াল করা হয়। ব্রিকস সম্মেলনের পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ, সাংস্কৃতিক সম্পর্ক, ব্যবসা এবং যাতায়াত আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
