‘বন্দে মাতরম’ থামানোর চেষ্টা! কংগ্রেসকে তীব্র আক্রমণ অমিত শাহের

Must Read

ওয়েব ডেস্ক : কংগ্রেস (Congress) সদর দফতরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ (Vande Mataram) গান মাঝপথে থামানোর চেষ্টা করা হয়েছিল বলে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রবিবার রাজস্থানের চিতোরগড়ে এক জনসভা থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ, কংগ্রেসের সদর দফতরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ পরিবেশনের সময় সনিয়া গান্ধী (Sonia Gandhi) দলীয় সভাপতিকে গান থামানোর নির্দেশ দিয়েছিলেন। অন্যদিকে, ‘বন্দে মাতরম’-এর অপমানের অভিযোগে সোনিয়া এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে দিল্লির একটি থানায় দায়ের হয়েছে অভিযোগও।

অমিত শাহের (Amit Shah) দাবি, গোটা ঘটনা টেলিভিশনে দেখেছেন দেশের মানুষ। তাঁর বক্তব্য, ‘বন্দে মাতরম’-এর মতো জাতীয় গান অসম্পূর্ণ রেখে দেওয়ার কথা কেউ ভাবতেও পারেন না। এই ঘটনায় দেশের মানুষের কাছে কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে ‘বন্দে মাতরম’-এর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছেও ক্ষমা চাওয়ার কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, “কংগ্রেসের এই নির্লজ্জতা দেখুন। কংগ্রেসের সদর দফতরে বন্দে মাতরম গাওয়া হচ্ছিল। গান চলাকালীন সোনিয়া গান্ধী কংগ্রেস সভাপতিকে গান থামিয়ে দিতে বলেন। আমরা সবাই টেলিভিশনে তা দেখেছি।”

তিনি আরও বলেন, “সোনিয়াজি, ১৪০ কোটি মানুষ আপনাকে দেখছেন। আপনি যে পাপ করেছেন, দেশের মানুষ তা কখনও ক্ষমা করবে না। কেউ কীভাবে বন্দে মাতরম অসম্পূর্ণ রাখার কথা ভাবতে পারেন? কংগ্রেসের মানুষের লজ্জা হওয়া উচিত।”

অমিত শাহের (Amit Shah) দাবি, “কংগ্রেসের উচিত দেশের মানুষের কাছে এবং বন্দে মাতরমের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে ক্ষমা চাওয়া। যদি সামান্যও লজ্জা বাকি থাকে, তাহলে হাতজোড় করে বঙ্কিমবাবুর অমর আত্মা এবং দেশের মানুষের কাছে ক্ষমা চান।”

আরও খবর : কয়লা পাচার মামলায় বড় পদক্ষেপ, বিনয় মিশ্রকে ধরতে ‘ওপেন ওয়ারেন্ট’ জারির পথে CBI

এই বিতর্কের সূত্রপাত স্বাধীনতা দিবসে কংগ্রেসের সদর দফতরের অনুষ্ঠানের কিছু ভিডিয়ো প্রকাশ্যে আসার পর। সেখানে ‘বন্দে মাতরম’ (Vande Mataram) পরিবেশনের সময় কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতাকে নিজেদের মধ্যে কথা বলতে দেখা যায়। সেই ভিডিয়োকে কেন্দ্র করেই বিজেপি নেতারা কংগ্রেসের বিরুদ্ধে জাতীয় গানকে অসম্মান করার অভিযোগ তোলেন। বিজেপি নেতা অমিত মালব্যও সনিয়া গান্ধীর বিরুদ্ধে অভিযোগ করেন এবং দাবি করেন, গান পরিবেশন থামিয়ে দেওয়ার বিষয়ে তাঁর ভূমিকা ছিল।

অন্যদিকে কংগ্রেস বিজেপির অভিযোগ খারিজ করেছে। দলের দাবি, সনিয়া গান্ধীর কোনও পদক্ষেপের সঙ্গে ‘বন্দে মাতরম’ থামিয়ে দেওয়ার অভিযোগের সম্পর্ক নেই। অনুষ্ঠানে গানটি যথাযথভাবে পরিবেশনের ব্যবস্থা নিশ্চিত করার জন্যই তিনি উদ্যোগী হয়েছিলেন বলে কংগ্রেসের বক্তব্য। ফলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ঘিরে বিজেপি-কংগ্রেসের রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়েছে।

Latest News

মোবাইল ডিভাইসের পরিচয় সুরক্ষায় কড়া আইন, আমলযোগ্য ও অজামিনযোগ্য অপরাধ

দেবাশীষ সেনগুপ্ত মোবাইলের আইএমইআই নম্বর-সহ টেলিযোগাযোগের পরিচয় নম্বরে কারচুপি করলে এবার আরও কড়া শাস্তির মুখে পড়তে হবে। টেলিযোগাযোগ আইন, ২০২৩...

More Articles Like This