ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গজুড়ে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার ভোররাত থেকেই কলকাতা-সহ (kolkata) একাধিক জেলায় বৃষ্টি (Rain) শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন ও উপকূলবর্তী এলাকায় বইছে ঝোড়ো হাওয়া। পরিস্থিতি মোকাবিলায় জেলায় জারি করা হয়েছে সতর্কতা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ ঘণ্টায় গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে বিশাখাপাটনম ও গোপালপুরের মাঝামাঝি এলাকা দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত না হলেও এর প্রভাবে আগামী চার দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম এবং হাওড়ায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। সুন্দরবন ও উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। নদীবাঁধগুলিতে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। পুলিশ মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিচ্ছে।
খারাপ আবহাওয়ার কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তার বিষয়েও সতর্কতা জারি করেছে প্রশাসন। দুর্বল নদীবাঁধ ও সমুদ্রবাঁধগুলির উপর নজর রাখছে সেচ দফতর। পরিস্থিতি মোকাবিলায় জেলা, মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
