ওয়েব ডেস্ক : নন্দীগ্রাম উপনির্বাচনের আগে গ্রেফতার হয়েছিলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান (Milan Pradhan)। এবার জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন তিনি। বুধবার তাঁর আইনজীবী মিলন মুখোপাধ্যায় আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। দ্রুত মামলাটির শুনানির আবেদন জানানো হয়েছে।
আইনজীবীর বক্তব্য, মিলন প্রধান উপনির্বাচনের প্রার্থী। জামিনের আবেদনের শুনানি করতে সময় লাগতে পারে। তাই দ্রুত শুনানির জন্য মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহেই শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।
আরও খবর : মমতার সমর্থনের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান
নন্দীগ্রাম উপনির্বাচনের আগে গ্রেফতার হয়েছেন মিলন প্রধান। তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করার পর মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থনের ঘোষণা করেছিলেন। এরপরই পুরনো মামলায় তাঁকে গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে, নন্দীগ্রামের রেয়াপাড়া সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালানোর সময় পুলিশ মিলন প্রধানকে গ্রেফতার করে। পুলিশের দাবি, পুরনো মামলায় তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ এবং গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। মিলন প্রধানের গ্রেফতারির পর নন্দীগ্রাম উপনির্বাচনের পরিস্থিতি আরও জটিল হয়েছে। এবার তাঁর জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
