ওয়েব ডেস্ক: এবার গ্রেফতার ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী (Wife of Jahangir Khan Arrested)। বিষ্ণুপুরের জুলপিয়া থেকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ (Diamond Harbour District Police)। অভিযোগ, স্বামীকে থানা থেকে ছাড়িয়ে আনার চক্রান্তের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই থানা ঘেরাও করা হয়েছিল। থানায় হামলার চেষ্টাও করা হয়েছিল। শনিবার সকালে ফলতা থানার পুলিশ জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা বিবিকে গ্রেফতার করেছে।
গত ১৬ মে, জাহাঙ্গিরকে ছাড়াতে স্ত্রীর নেতৃত্বে থানায় হামলার পরিকল্পনা করা হয়। ফলতার শতল কলসায় এলাকায় লাগাতার বিক্ষোভ চলে। এরপরই জাহাঙ্গিরের অনুগামীরা ফলতা থানার দিকে এগোতে থাকে। পুলিশ সূত্রে দাবি, তাদের কাছে খবর ছিল, এই ভিড় জাহাঙ্গির খানকে ছিনিয়ে নিতে এবং থানায় তাণ্ডব চালাতে পারে। এই প্রেক্ষাপটে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী অ্যাকশন শুরু করে। জাহাঙ্গিরের অনুগামীদের লাঠি উঁচিয়ে তাড়া করে বাহিনী। চলে লাঠিচার্জও। তাড়া খেয়ে পালাতে শুরু করে বিক্ষোভকারীরা।
আরও পড়ুন: তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনায় নেতৃত্বে ছিলেন জাহাঙ্গির স্ত্রী। এই হামলা কাণ্ডে জাহাঙ্গিরের স্ত্রীর নামে এফআইআর দায়ের করে পুলিশ। জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। এই ঘটনায় মোট ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ বার ধরা পড়লেন জাহাঙ্গিরের স্ত্রীও।
