কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলার (RG Kar Case) তদন্তে ফের তৎপর সিবিআই (CBI)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) সোমবার আর জি কর হাসপাতালে পৌঁছে তদন্তের অগ্রগতি পর্যালোচনা করে। হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেন তদন্তকারী আধিকারিকরা।
সূত্রের খবর, সিবিআইয়ের ছয় সদস্যের একটি দল এদিন হাসপাতালে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি হাসপাতালের প্রশাসনিক নথি এবং ঘটনার সময়কার বিভিন্ন তথ্যও খতিয়ে দেখা হয়। তদন্তের স্বার্থে হাসপাতালের একাধিক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: দুর্গাপুর থেকে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’
গত বছরের ৮ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজের এক তরুণী চিকিৎসক নাইট ডিউটিতে গিয়ে আর বাড়ি ফেরেননি। হাসপাতালের সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। বিচার প্রক্রিয়া শেষে শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়।
তবে নিহত চিকিৎসকের পরিবারের দাবি, এই ঘটনায় আরও ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা রয়েছে এবং পুরো সত্য এখনও সামনে আসেনি। সেই প্রেক্ষিতেই মামলার বিভিন্ন দিক নতুন করে খতিয়ে দেখার দাবি ওঠে।
রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর সরকার ‘আর জি কর ফাইলস’ পুনরায় খোলার সিদ্ধান্ত নেয়। এর জেরে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। তদন্তকারীরা ঘটনার সময় প্রশাসনিক স্তরে কোনও নির্দেশ বা প্রভাব খাটানো হয়েছিল কি না, তাও খতিয়ে দেখছেন।
এরপর কলকাতা হাই কোর্ট সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেয়। আদালত স্পষ্ট করে জানায়, ঘটনার রাত থেকে শেষকৃত্য পর্যন্ত সমস্ত ঘটনাপ্রবাহ পুনর্মূল্যায়ন করতে পারবে সিবিআই এবং প্রয়োজনীয় যে কোনও দিক তদন্তের আওতায় আনতে পারবে।
সোমবারের এই পরিদর্শনের পর তদন্ত কোন দিকে এগোয় এবং নতুন কোনও তথ্য সামনে আসে কি না, সেদিকেই এখন নজর প্রশাসনিক ও রাজনৈতিক মহলের।
