পানিহাটি পুরসভায় তৃণমূল কাউন্সিলারের দুর্নীতি ফাঁস, সরব বিজেপি

Must Read

পানিহাটি: পানিহাটি (Panihati) পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলর অরিন্দম বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অভিযোগ, তাঁর ব্যক্তিগত গাড়িচালককে পুরসভার কর্মী হিসেবে দেখিয়ে বেতন পাইয়ে দেওয়া হয়েছিল, যদিও তিনি পুর সভার কোনও কাজ করতেন না।

অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি একদিকে পানিহাটি পৌরসভার বেতন পেতেন, অন্যদিকে কাউন্সিলর অরিন্দম বিশ্বাসের ব্যক্তিগত গাড়িচালক হিসেবেই কাজ করতেন। ফলে পুরসভার কোনও দায়িত্ব পালন না করেও কীভাবে তিনি নিয়মিত বেতন পেতেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন: ফের খুলল নাড্ডার কনভয়ে হামলার পুরনো ফাইল, জাহাঙ্গির খানের বিরুদ্ধে নতুন করে তদন্তে তৎপর পুলিশ

অভিযোগকে আরও জোরালো করেছে একটি ভিডিও, যেখানে সংশ্লিষ্ট গাড়িচালক ক্যামেরার সামনে নিজের বক্তব্যে পুরসভার কাজে যুক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি করা হচ্ছে। সেই বক্তব্য প্রকাশ্যে আসতেই কাউন্সিলরের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

ঘটনাকে হাতিয়ার করে শাসকদলকে নিশানা করেছে বিজেপি। বিজেপি নেতা জয় সাহা দাবি করেছেন, এটি সরকারি অর্থের অপব্যবহারের স্পষ্ট উদাহরণ এবং বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। তাঁর অভিযোগ, তৃণমূল পরিচালিত বিভিন্ন পুরসভায় এ ধরনের অনিয়ম নতুন নয়।

অন্যদিকে, ফোনে যোগাযোগ করা হলে তৃণমূল কাউন্সিলর অরিন্দম বিশ্বাস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। অভিযোগের কোনও ভিত্তি নেই বলেও তিনি দাবি করেন।

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগের সত্যতা যাচাই এবং পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Latest News

শালবনি জমি দুর্নীতি, হাইকোর্টের দ্বারস্থ দুই অভিযুক্ত

ওয়েব ডেস্ক: শালবনি জমি দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ আরও দুই অভিযুক্ত। তাঁরা...

More Articles Like This