ওয়েব ডেস্ক: সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা দ্রুত ও সরাসরি পৌঁছে দিতে সোমবার থেকে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হল ‘জনকল্যাণ শিবির’ (Janakalyan Sibir) কর্মসূচি। বিজেপি (BJP) সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম রাজ্যের প্রতিটি ব্লকে একযোগে এমন বৃহৎ প্রশাসনিক উদ্যোগ নেওয়া হল। আগামী তিন দিন, অর্থাৎ সোমবার থেকে বুধবার পর্যন্ত চলবে এই বিশেষ শিবির। কর্মসূচির সূচনালগ্নেই নিজের নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামের একটি জনকল্যাণ শিবিরে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অন্যদিকে রাজ্যের বিভিন্ন ব্লকে আয়োজিত শিবিরগুলিতে উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন মন্ত্রী ও বিধায়কেরা।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই শিবিরগুলিতে এক ছাতার তলায় প্রায় ৫৫ ধরনের সরকারি পরিষেবা পাওয়া যাবে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পে আবেদন, তথ্য সংগ্রহ, ফর্ম পূরণ এবং জমা দেওয়ার ক্ষেত্রে প্রশাসনিক আধিকারিকরা সরাসরি সহযোগিতা করবেন। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সম্প্রতি চালু হওয়া ‘অন্নপূর্ণা যোজনা’ এবং ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পকে। এই দুই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহের কথা মাথায় রেখে প্রতিটি শিবিরে আলাদা কাউন্টার খোলা হয়েছে। সেখানে আবেদনপত্র সংগ্রহ, পূরণ এবং জমা দেওয়ার সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে।
শুধু নতুন আবেদনই নয়, একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবাও মিলবে এই শিবিরগুলিতে। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, পিএম কিষান, বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতার মতো বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করার সুযোগ থাকবে। পাশাপাশি ভোটার কার্ড, আধার কার্ড বা অন্যান্য সরকারি নথিতে কোনও ভুল থাকলে তা সংশোধনের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া সরকারি পরিষেবা পেতে কোনও সমস্যা হলে বা দীর্ঘদিন ধরে কোনও আবেদন প্রশাসনিক স্তরে আটকে থাকলে, সাধারণ মানুষ সরাসরি সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের দ্রুত নিষ্পত্তির জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি প্রশাসনকে আরও জনমুখী করে তুলতেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তথ্যের অভাব বা প্রশাসনিক জটিলতার কারণে যাতে কোনও যোগ্য ব্যক্তি সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই জেলা প্রশাসনকে সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের দাবি, ‘জনকল্যাণ শিবির’ শুধু একটি প্রশাসনিক কর্মসূচি নয়, বরং ‘দোরগোড়ায় প্রশাসন’ পৌঁছে দেওয়ার এক বৃহত্তর প্রয়াস।
দেখুন আরও খবর:
