কলকাতা: দীর্ঘদিনের অস্বস্তিকর গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল বঙ্গবাসীর জন্য অবশেষে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। মঙ্গলবার উত্তরবঙ্গে আনুষ্ঠানিকভাবে বর্ষা (Monsoon In West Bengal) প্রবেশ করেছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস (Weather Forecast), আগামী কয়েক দিনের মধ্যেই দক্ষিণবঙ্গেও বর্ষার আনুষ্ঠানিক প্রবেশ ঘটবে। তার আগেই বুধবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝড়ো হাওয়ার (Thunderstorm) সম্ভাবনা তৈরি হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, পূর্ব বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি শক্তিশালী অক্ষরেখা বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অবস্থান করছে। একইসঙ্গে উত্তরপ্রদেশের উপরে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই দুই আবহাওয়াগত ব্যবস্থার প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন: অভিষেকের বিরুদ্ধে এফআইআর ববির! নিজের লোকসভা কেন্দ্রেই বিপাকে তৃণমূল সাংসদ
হাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯২ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি শহরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এদিকে বুধবার থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিকেলের পর হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার উত্তরবঙ্গে (North Bengal Weather) বর্ষার আনুষ্ঠানিক প্রবেশ ঘটেছে। এর জেরে পাহাড় ও ডুয়ার্সের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও কমবেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
দেখুন আরও খবর:
