কোলাঘাট: বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের আশার আলো দেখাল রাজ্য সরকার। মঙ্গলবার কোলাঘাটে (Kolaghat) তিন জেলার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্পষ্ট জানিয়ে দিলেন, ঘাটালের (Ghatal) দীর্ঘদিনের জলযন্ত্রণা দূর করতে এই প্রকল্প বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। বৈঠকেই ঘাটালের সাংসদ দেবের (Dev) সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি।
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন দলের জনপ্রতিনিধিরা। রাজনৈতিক জল্পনার আবহে সেই বৈঠকে হাজির ছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেবও। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে।
আরও পড়ুন: ভাঙড়ে বিজেপির সভা ঘিরে উত্তেজনা! আইএসএফের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ
মুখ্যমন্ত্রীর আশ্বাসকে স্বাগত জানিয়ে দেব বলেন, “ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি বহুদিন ধরে কথা বলে আসছি। মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। মানুষের স্বার্থে এই প্রকল্প দ্রুত বাস্তবায়িত হোক, সেটাই চাই।”
একইসঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক জল্পনাও উড়িয়ে দেন ঘাটালের সাংসদ। তিনি স্পষ্ট করেন, প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার সঙ্গে কোনও রাজনৈতিক সমীকরণের সম্পর্ক নেই। তাঁর কথায়, “আমি নতুন কোনও তৃণমূলে যাচ্ছি না। মানুষের কাজের জন্যই এখানে এসেছি।”
বৈঠকে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া-সহ একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী জানান, মোট ৩৫ জন বিধায়ক এবং চার জন সাংসদকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন।
বর্ষার আগে বন্যাপ্রবণ এলাকাগুলির প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে। প্রশাসনের শীর্ষ কর্তাদের প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে বন্যা ও জলাবদ্ধতার সমস্যায় জর্জরিত ঘাটালবাসীর কাছে এই ঘোষণা নতুন আশার সঞ্চার করেছে। এখন নজর বাস্তবে কত দ্রুত প্রকল্পের কাজ শুরু হয়, সেদিকেই।
