কলকাতা: অভিনেতা তথা তৃণমূলের (TMC) প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগে এফআইআর (FIR) দায়ের হয়েছে। অভিযোগ, একটি সিনেমায় অভিনয়ের প্রতিশ্রুতি এবং ব্যবসায়িক চুক্তির ভিত্তিতে ১ কোটি ৫ লক্ষ টাকা নেওয়া হলেও সেই চুক্তি পূরণ করা হয়নি। ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক জামিনঅযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
অভিযোগকারী কৌশিক কর্মকারের দাবি, ২০২২ সালে তাঁর প্রতিনিধিত্বকারী একটি সংস্থা সোহম চক্রবর্তীর সংস্থা সোহম এন্টারটেনমেন্টে ১ কোটি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে। অভিযোগ, সেই সময় ‘লাল সুটকেট কোথায়’ নামে একটি ছবিতে সোহম অভিনয় করবেন বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে ছবিটির কাজ এগোয়নি এবং সোহমও অভিনয় করেননি।
আরও পড়ুন: সরকারি শিক্ষকরা দিতে পারবেন না টিউশন, নাহলেই কড়া শাস্তির নির্দেশ শুভেন্দুর
কৌশিকের আরও অভিযোগ, চুক্তি অনুযায়ী টাকা ফেরতও দেওয়া হয়নি। উল্টে টাকা ফেরত চাইলে সোহম তাঁর রাজনৈতিক পরিচয় ব্যবহার করে হুমকি দিয়েছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে কিছু নথি নিয়ে অসঙ্গতির ইঙ্গিত মিলেছে। অভিযোগ, চুক্তির সময় কিছু ভুয়ো নথিও ব্যবহার করা হয়ে থাকতে পারে। যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেটি চারু মার্কেট থানা এলাকার একটি ঠিকানায় নথিভুক্ত।
এই অভিযোগের ভিত্তিতে গত ১৯ মে চারু মার্কেট থানায় প্রতারণা, জালিয়াতি-সহ একাধিক ধারায় এফআইআর দায়ের হয়। তদন্তকারীরা ইতিমধ্যেই প্রয়োজনীয় নথি তলবের প্রস্তুতি নিচ্ছেন। প্রয়োজনে সোহম চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য সমনও পাঠানো হতে পারে বলে পুলিশ সূত্রের খবর।
উল্লেখ্য, ২০২১ সালে চণ্ডীপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সোহম। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে করিমপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। এর আগেও বিভিন্ন বিতর্কে তাঁর নাম জড়িয়েছে। এবার কোটি টাকার প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ও বিনোদন মহলে।
