পূর্ব বর্ধমান: মনোনয়ন পর্ব শুরুর আগেই ভাতাড়ে (Bhatar) রাজনৈতিক উত্তাপ চরমে। তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) মধ্যে বাগযুদ্ধ তীব্র আকার নিয়েছে। বৃহস্পতিবার থেকে জেলায় প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার আগে বুধবার ভাতাড়ের ওড়গ্রামে প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী শান্তনু কোনারকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি প্রার্থী সৌমেন কার্ফা।
প্রচারে সৌমেন কার্ফার অভিযোগ, শান্তনু কোনারের কোনও স্থির রাজনৈতিক অবস্থান নেই। কখনও তৃণমূল, কখনও বিজেপি, এভাবেই তিনি বারবার দল পরিবর্তন করেছেন বলে দাবি করেন তিনি। সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে বিজেপি প্রার্থী বলেন, “আপনারা ভাবছেন তৃণমূল আপনাদের রক্ষা করবে। কিন্তু ভোটের পর বিজেপি ভালো ফল করলে শান্তনু কোনার আবার বিজেপিতে যোগ দিতে পারেন। তাই তৃণমূলকে ভোট না দিয়ে সরাসরি বিজেপিকে ভোট দিন।”
আরও পড়ুন: ভোটার তালিকায় নাম নেই! রণক্ষেত্র মালদার কালিয়াচক, ব্যাহত সড়ক- রেল পরিবহণ ব্যবস্থা
এছাড়াও, তিনি দাবি করেন একসময় শান্তনু কোনার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিজের ‘গুরু’ বলে উল্লেখ করতেন এবং তাঁর সঙ্গে যোগাযোগ রাখতেন। বর্তমানে সেই সম্পর্ক আদৌ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন সৌমেন।
এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। যদিও এ বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া দিতে চাননি তৃণমূল প্রার্থী শান্তনু কোনার। তবে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বিজেপি প্রার্থীর অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, “পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি প্রার্থী এ ধরনের মন্তব্য করছেন।” পাশাপাশি তিনি জানান, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের কোনও জয়ী বিধায়ক বিজেপিতে যোগ দেননি, বরং বিজেপির একাধিক বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন।

