ওয়েব ডেস্ক : বিশ্বকাপের (FIFA World Cup 2026) নকআউট পর্বে ইকুয়েডরকে (Ecuador) হারিয়ে শেষ ষোলোয় উঠেছে আয়োজক দেশ মেক্সিকো (Mexico)। ঐতিহাসিক এই জয়ের পর রাজধানী মেক্সিকো সিটিসহ দেশের বিভিন্ন প্রান্তে উৎসবে মাতেন হাজার হাজার সমর্থক। রাস্তায় নেমে আনন্দে মেতে ওঠেন তারা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হল শোকে। প্রবল ভিড়ের মধ্যে শ্বাসরোধ হয়ে অন্তত তিনজনের মৃত্যু (Death) হয়েছে জানা যাচ্ছে।
সূত্রে খবর, ম্যাচ শেষে ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেনডেন্স’ স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। বিজয় মিছিল, বাজি, পতাকা ও উচ্ছ্বাসে কার্যত জনসমুদ্রে পরিণত হয় গোটা এলাকা। সেই সময় ভিড়ের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও এক ৪৪ বছরের পুরুষ, এক ১৯ বছরের তরুণী এবং পরে আরও এক ৪৮ বছরের মহিলার মৃত্যু হয়। অতিরিক্ত ভিড়ের জেরে শ্বাসরোধই মৃত্যুর কারণ বলে সূত্রের খবর।
আরও খবর : ঢাকায় হামলার শিকার হলেন হিন্দু পুরোহিত
ঘটনার পর শোকপ্রকাশ করেছেন মেক্সিকো (Mexico) সিটির মেয়র ক্লারা ব্রুগাডা। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের উৎসবের সময় সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, রাউন্ড অব ৩২-এর ম্যাচে জুলিয়ান কিনোনেস ও রাউল হিমেনেজের গোলে ২-০ ব্যবধানে ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদ পায় মেক্সিকো (Mexico)। তবে সেই ঐতিহাসিক সাফল্য তিন সমর্থকের মৃত্যুর ঘটনায় অনেকটাই ম্লান হয়ে গেল।
দেখুন অন্য খবর :
