ওয়েব ডেস্ক: ব্রাইটনের কাছে ‘বধ’ হল চ্যাম্পিয়ন আর্সেনাল। এ সপ্তাহের মাঝামাঝি কারাবাও কাপে ম্যান ইউকে হারিয়ে চমকে দিয়েছিল ব্রাইটন। তা যে ‘ফ্লুক’ ছিল না তা প্রমাণ হল শনিবার সন্ধায়। স্রেফ হারানো নয়, মিকেল আর্তেতার দলের বিরুদ্ধে রীতিমতো ওস্তাদি করে জিতেছে ব্রাইটন। ফলাফল ৩-০!
ম্যান ইউকে কারাবাও কাপ থেকে ছুটি করে দিলেও আর্সেনালের বিরুদ্ধে জেতা সহজ নয়। বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে প্রিমিয়ার লিগের সবথেকে ভালো দল আর্সেনালেরই। কিন্তু এদিন পুরো দাঁড়িয়ে পড়ল চ্যাম্পিয়নরা। অন্যদিকে ব্রাইটনের তিনটে গোলই দেখার মতো, ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো।
৩১, ৪৫ এবং ৫৭ মিনিটে গোল করলেন যথাক্রমে পাসকাল গ্রস, চারালাম্পোস কস্টুলাস এবং চেমা আন্দ্রেস। আর্সেনালও কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল, কিন্তু কাজের কাজ হয়নি। আসলে দিনটা একেবারেই চ্যাম্পিয়নদের ছিল না। ব্রাইটনের প্রথম দুটি গোল এতই উঁচুমানের যে তা রোজ রোজ হয় না। এদিন হয়ে গিয়েছে।
আরও পড়ুন: ১০ জন হয়েও মহামেডানকে হারিয়ে কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান, ৮ বছর পর ট্রফি সবুজ-মেরুনের
এই ম্যাচের আগে চার ম্যাচে ১২ পয়েন্ট এবং সর্বোচ্চ গোলপার্থক্যে শীর্ষে ছিল গানাররা। একই পয়েন্ট নিয়ে দুইয়ে ছিল ম্যান সিটি। এদিন ব্রাইটনের কাছে তিন গোল খেয়ে শীর্ষস্থান খুইয়েছে আর্তেতার দল। আজ সান্ডারল্যান্ডের বিরুদ্ধে জিতলে পয়েন্টেও এগিয়ে যাবে সিটি।
শনিবারের অন্য খেলায় অ্যাস্টন ভিলার কাছে ২-৩ ফলে হারল টটেনহ্যাম হটস্পার। এই মরসুমের গোড়ায় প্রচুর খেলোয়াড় কিনে শিবির শক্তপোক্ত করেছে টটেনহ্যাম। কিন্তু প্রিমিয়ার লিগে প্রথম পাঁচ ম্যাচ খেলে এখনও জয় অধরা তাদের। দুটো ড্র এবং তিনটে হার।
