কলকাতা: রাজ্যজুড়ে ফের জোরদার হতে চলেছে বর্ষার দাপট (Weather Update)। দেশের উপর একসঙ্গে তিনটি আবহাওয়া ব্যবস্থা সক্রিয় থাকায় আগামী কয়েক দিনে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও বিকেলের পর থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে (Rain Forecast)।
আবহবিদদের মতে, রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি মৌসুমি অক্ষরেখা। পাশাপাশি বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এ ছাড়াও বিহার, বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত আরও একটি মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে। এই তিনটি আবহাওয়া ব্যবস্থার সম্মিলিত প্রভাবেই বাংলাজুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
জরায়ু ক্যানসার রুখতে সোনাগাছিতেও টিকাকরণ, ১৪-১৫ বছরের কিশোরীদের বিনামূল্যে HPV ভ্যাকসিন দেবে রাজ্য
কলকাতায় মঙ্গলবার সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে। দুপুর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বিকেলের পর বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার পর্যন্ত আবহাওয়ার তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই।
তবে বৃহস্পতিবার, অর্থাৎ রথযাত্রার দিন থেকে ফের বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। কলকাতার পাশাপাশি হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই মঙ্গলবার ঝড়বৃষ্টি চলবে। বিশেষ করে পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও শুক্রবার থেকে ফের বৃষ্টির পরিমাণ এবং তীব্রতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে রথযাত্রা উপলক্ষে বাইরে বেরোনোর পরিকল্পনা থাকলে সঙ্গে ছাতা বা বর্ষাতি রাখাই বুদ্ধিমানের কাজ হবে।
