ওয়েব ডেস্ক : রাজ্যে অপরাধ দমনে আরও কঠোর পদক্ষেপ নিতে সোমবার থেকেই কার্যকর হতে চলেছে ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ আইন, ২০২৬’। যা ‘গুন্ডাদমন বিল’ নামে পরিচিত। শুক্রবার বহরমপুরে সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, নতুন আইন কার্যকর হলে সংঘবদ্ধ অপরাধ, ভাঙচুর এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো ঘটনাগুলির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) বলেন, অতীতে প্রতিবাদের আড়ালে সরকারি সম্পত্তি নষ্ট, যানবাহনে অগ্নিসংযোগ কিংবা পুলিশকে লক্ষ্য করে হামলার মতো ঘটনা ঘটেছে। নতুন আইনের মাধ্যমে এ ধরনের অপরাধের ক্ষেত্রে তদন্ত ও বিচারপ্রক্রিয়া আরও দ্রুত হবে। পাশাপাশি নারী নিরাপত্তা এবং মানবপাচার রোধেও এই আইন কার্যকর ভূমিকা নেবে বলে তিনি দাবি করেন। সামশেরগঞ্জ ও ধুলিয়ানের মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতেই সরকার এই পদক্ষেপ করেছে বলেও জানান তিনি।
আরও খবর : তৃণমূলের আরও ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করল পুলিশ!
রাজ্য বিধানসভায় সম্প্রতি ধ্বনিভোটে পাশ হওয়া এই আইনে সমাজবিরোধী কার্যকলাপের সংজ্ঞা আরও বিস্তৃত করা হয়েছে। তোলাবাজি, বেআইনি জমি দখল, সিন্ডিকেট চক্র, সরকারি বা বেসরকারি সম্পত্তি নষ্ট, বেআইনি খনি ও বালি উত্তোলন, ব্যবসায় বাধা সৃষ্টি এবং পরিবেশ ও বনজ সম্পদের ক্ষতির মতো অপরাধকে এই আইনের আওতায় আনা হয়েছে। তদন্তকারী সংস্থাকে প্রয়োজনীয় ক্ষেত্রে অতিরিক্ত ক্ষমতাও দেওয়া হয়েছে।
সরকারের দাবি, এই আইন শুধুমাত্র অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য নয়, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইসঙ্গে সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির ক্ষেত্রে দোষীদের কাছ থেকে প্রকৃত ক্ষতির তুলনায় বেশি অঙ্কের ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থাও রাখা হয়েছে। নতুন আইন কার্যকর হওয়ার পর রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলেই আশাবাদী প্রশাসন।
দেখুন অন্য খবর :
