ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর (Durga Puja) প্রস্তুতির মাঝেই ফের আবহাওয়ার (Weather) চোখরাঙানি। রাজ্য থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিদায়ের পর্ব শুরু হলেও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলায়। তবে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও আগামী কয়েক দিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে পূর্বাভাস। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। তবে আগামী বুধবার থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও খবর : দায়িত্ব পালন না করলে থানার সব পুলিশকে পশ্চিমবঙ্গর শেষপ্রান্তে ট্রান্সফার করব: প্রধান বিচারপতি
দক্ষিণবঙ্গের কোথায় বৃষ্টি?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলির কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি ব্যাপক আকার নিতে পারে, এমন কোনও ইঙ্গিত আপাতত নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে আগামী দু’এক দিন দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও কোচবিহারেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
মঙ্গলবার কলকাতার (Kolkata) আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দিনভর আর্দ্রতার কারণে অস্বস্তি অনুভূত হতে পারে। তবে আজ শহরে ভারী বা একটানা বৃষ্টির পূর্বাভাস নেই। সব মিলিয়ে, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত রাজ্যজুড়ে টানা বৃষ্টি বা বড়সড় দুর্যোগের কোনও স্পষ্ট ইঙ্গিত আবহাওয়া দফতর।
