ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর আগে জেল থেকে মুক্তি পাওয়ার আশায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। কিন্তু সেই আর্জিতে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court )। মঙ্গলবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। ফলে এবারের পুজোও জেলেই কাটাতে হতে পারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রাক্তন কর্তাকে।
সুজিত বসুর (Sujit Bose) জামিনের বিরোধিতা করে আদালতে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তরফে একাধিক যুক্তি তুলে ধরা হয়। তদন্তকারীদের আশঙ্কা, জামিন পেলে প্রভাব খাটিয়ে তদন্তের গতিপথে বাধা তৈরি করতে পারেন তিনি। পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে আদালতে দাবি করা হয়। ইডির এই আপত্তির পর তাঁর জামিন মঞ্জুর হয়নি।
আরও খবর : দায়িত্ব পালন না করলে থানার সব পুলিশকে পশ্চিমবঙ্গর শেষপ্রান্তে ট্রান্সফার করব: প্রধান বিচারপতি
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো দীর্ঘদিন ধরেই কলকাতার অন্যতম আকর্ষণ। পুজোর আয়োজন থেকে মণ্ডপসজ্জা, সব ক্ষেত্রেই সুজিত বসুর ভূমিকা নিয়ে চর্চা হত। কিন্তু আইনি জটিলতার কারণে এবার সেই পুজোর আয়োজন থেকে দূরে থাকতে হচ্ছে তাঁকে। আদালতের সিদ্ধান্তে আপাতত জেলেই থাকতে হবে তঁকে।
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে গত ১২ মে সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছিল। এরপর থেকে তিনি জেলবন্দি। পুরসভায় নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগের তদন্ত করতে গিয়ে তাঁর বিরুদ্ধে আরও কিছু আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন তুলেছেন তদন্তকারীরা। তাঁর ছেলের রেস্তরাঁকে কেন্দ্র করেও বেআইনি কাজের অভিযোগ উঠেছে। এই অভিযোগগুলির তদন্তে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। এসবের জেরে বারবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়।
