কলকাতা: রাজ্যের স্কুলের পাঠ্যসূচিতে ফের বড়সড় পরিবর্তন। সিলেবাস থেকে বাদ পড়তে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় কবিতা ‘আফ্রিকা’। তার পরিবর্তে অন্তর্ভুক্ত করা হচ্ছে ‘শিবাজী উৎসব’ কবিতা। একই সঙ্গে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘মেবার পতন’ নাটক সিলেবাসে জায়গা পাচ্ছে, বাদ যাচ্ছে ‘সিরাজদৌল্লা’। সিলেবাস কমিটির চেয়ারম্যান দেবাশিস চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে এই পরিবর্তনের কথা জানিয়েছেন।
কেন ‘আফ্রিকা’ বাদ দেওয়া হচ্ছে? সিলেবাস কমিটির চেয়ারম্যানের বক্তব্য, রবীন্দ্রনাথের ‘আফ্রিকা’ কবিতায় ইউরোপীয় সভ্যতা ও তার বিভিন্ন নিদর্শন নিয়ে যে আলোচনা রয়েছে, তার পরিবর্তে অন্য বিষয়কে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাঁর দাবি, সনাতনী পরম্পরার কথা মাথায় রেখেই ‘শিবাজী উৎসব’ কবিতাটি সিলেবাসে আনা হচ্ছে।
পাশাপাশি দেশাত্মবোধের ধারণাকে গুরুত্ব দিয়ে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘মেবার পতন’ নাটক অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর ফলে এত দিন পাঠ্যসূচিতে থাকা ‘সিরাজদৌল্লা’ নাটকটি বাদ পড়ছে।
ইতিহাসের পাঠ্যক্রমেও একাধিক পরিবর্তনের কথা জানা গিয়েছে। ‘সিঙ্গুর আন্দোলন’ এবং ‘কন্যাশ্রী’ প্রকল্পের উল্লেখ বাদ দেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি মুঘল সাম্রাজ্যের ইতিহাসের অংশও সংক্ষিপ্ত করার কথা জানিয়েছে সিলেবাস কমিটি। জাতীয়তাবাদী আন্দোলনের উপর তুলনামূলক ভাবে বেশি গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে দাবি।
এ ছাড়াও ইতিহাসের পাঠে কমিউনিজমকে আগের মতো গুরুত্ব না দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বাংলা ভাষার পাঠ্যসূচি থেকে ‘পানি’, ‘আব্বা’, ‘আম্মু’-র মতো কিছু শব্দও বাদ পড়ছে বলে আগের পরিবর্তনের তালিকায় জানানো হয়েছিল।
সিলেবাস কমিটির বক্তব্য, এগুলি কোনও নির্দিষ্ট রাজনৈতিক পরিবর্তন নয়, বরং পাঠ্যক্রমের পরিমার্জন। আগামী বছরের ২ জানুয়ারি নতুন পাঠ্যপুস্তক পড়ুয়াদের হাতে তুলে দেওয়ার লক্ষ্য রয়েছে। ফলে নতুন বই প্রকাশের পরেই কোন কোন বিষয় কতটা বদলেছে, তা স্পষ্ট হবে।
