কলকাতা: মহালয়ার আগেই শহরের বেহাল রাস্তা মেরামতির লক্ষ্যমাত্রা নিয়েছে কলকাতা পুরসভা। হাতে সময় মাত্র ন’দিন। তার মধ্যেই ছোট-বড় মিলিয়ে প্রায় ১৫০টি রাস্তা সারানোর পরিকল্পনা করা হয়েছে। পুজোর আগে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিকে চলাচলের উপযোগী করে তুলতে সড়ক বিভাগের ইঞ্জিনিয়ার ও কর্মীদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রে খবর।
আগামী ১০ অক্টোবর মহালয়া। ওই দিন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা রয়েছে। ইডেনে শারদোৎসবের একটি বড় অনুষ্ঠানের উদ্বোধন করার কথা তাঁর। তার আগে শহরের রাস্তার হাল ফেরাতে তৎপরতা বেড়েছে বলে খবর। মহালয়ার আগেই রাস্তাগুলির অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পরিদর্শনে নামতে পারেন বলে সূত্রের খবর।
পুরসভার মেরামতির তালিকায় রয়েছে ধর্মতলা, বিবাদী বাগের অফিসপাড়ার একাধিক রাস্তা, আশুতোষ মুখার্জি রোড, ইএম বাইপাস, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এনএসসি বোস রোড এবং রাজা এসসি মল্লিক রোডের মতো গুরুত্বপূর্ণ পথ। চিংড়িঘাটা-ইএম বাইপাস ক্রসিং এবং চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের কয়েকটি অংশে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। কিছু রাস্তায় প্যাচওয়ার্কও করা হয়েছে।
কাজের গতি বজায় রাখতে ব্যস্ত রাস্তাগুলিতে রাতের দিকে মেরামতি চালানোর পরিকল্পনা করা হয়েছে। তুলনায় কম ব্যস্ত রাস্তা ও ছোট গলিতে দিনের বেলাতেই কাজ হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
বর্ষার টানা বৃষ্টিতে শহরের একাধিক রাস্তার অবস্থা খারাপ হয়েছে। পুরসভার দাবি, বৃষ্টির কারণে মেরামতির কাজে বারবার বাধা এসেছে। কলকাতা পুলিশের তরফেও ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির তালিকা পুরসভাকে পাঠানো হয়েছে।
তবে কলকাতায় রাস্তা মেরামতির তৎপরতা বাড়লেও হাওড়া ও বিধাননগরের মতো পুর এলাকায় একই ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের একাংশের। এখন নির্ধারিত সময়ের মধ্যে কলকাতার প্রায় ১৫০টি রাস্তার কাজ শেষ করা যায় কি না, সেদিকেই নজর।
