ওয়েব ডেস্ক : ভোরের অন্ধকার কাটার আগেই তেলেঙ্গানায় (Telangana) ভয়াবহ পথদুর্ঘটনা (Accident)। সুর্যাপেট জেলার কোদাদ মণ্ডলে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারল একটি বেসরকারি বৈদ্যুতিক বাস। বুধবার সকাল প্রায় ৫টা ১৫ মিনিট নাগাদ হায়দরাবাদ-বিজয়ওয়াড়া জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনাটি। বাসটিতে মোট ৪২ জন যাত্রী ছিলেন। ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের, যাঁদের মধ্যে ৫ জন মহিলা। আহত হয়েছেন অন্তত ১২ জন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, হায়দরাবাদ থেকে অন্ধ্রপ্রদেশের এলুরু যাচ্ছিল বাসটি। জাতীয় সড়কে চলার সময় সামনে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে সেটি। সংঘর্ষের অভিঘাতে বাসের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে যায়। ঘটনাস্থলেই কয়েকজন যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ।
সুর্যাপেটের পুলিশ সুপারিন্টেনডেন্ট কে নরসিমহা জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত ট্রাকে ভারী শিল্পকারখানার স্তম্ভ বহন করা হচ্ছিল। বাসের ধাক্কায় সেগুলি আটকে রাখা চেন ছিঁড়ে যায় এবং স্তম্ভগুলি বাসের ডান দিকে আছড়ে পড়ে। সামনের দিকে বসে থাকা যাত্রীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। আহতদের কোদাদ এলাকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর অবস্থায় থাকা দু’জনকে পরে বিজয়ওয়াড়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আরও খবর : রাখির দিনে ব্যাঙ্ক বন্ধ? জেনে নিন UPI, ATM থেকে NEFT- কোন পরিষেবা থাকবে চালু
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে কোদাদ থানার পুলিশ (Police)। প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল কি না, তা নিয়ে তদন্ত চলছে। পাশাপাশি সংঘর্ষের আগে ট্রাকটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরেছিল কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর রাস্তার পরিস্থিতি ও যানবাহনের অবস্থাও পরীক্ষা করা হয়েছে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্থ রেড্ডি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যসচিবকে আহতদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।
