ওয়েবডেস্ক- ফের অসমের (Assam) গদিতে বসতে চলেছেন হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) । আগামীকাল ১২ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। এই শপথ অনুষ্ঠানে যোগ দেবেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Ahdikari) ।
আগামীকালই সকাল ৮টা’র বিমানে অসমে রওনা দেবেন তিনি। হিমন্তের এই শপথগ্রহণে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এনডিএ-এর পরিষদীয় দলের নেতা হিসেবে তাঁকে বেছে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনকে ধন্যবাদ জানিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। আগামী পাঁচ বছর অসমের উন্নয়নমূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে জানিয়েছেন।
রবিবার আনুষ্ঠানিকভাবে অসমের বিধানসভায় পরিষদীয় দলের নেতা হিসেবে হিমন্ত বিশ্বশর্মার নাম ঘোষণা করা হয়। এর পরেই লোকভবনে যান হিমন্ত। অসমের বিধানসভায় বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ-র পরিষদীয় দলের নেতা হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। এর পরেই লোকভবনে গিয়ে রাজ্যপাল লক্ষ্ণণপ্রসাদ আচার্যের সঙ্গে দেখা করে সরকার গঠনের আর্জি জানান।
আরও পড়ুন- আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দুর
উল্লেখ্য, এই নিয়ে টানা তৃতীয়বার অসমে বিধানসভা ভোটে জয়ী হয়েছেন বিজেপি। ১২৬ আসনের অসম বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৭৬টি আসন। বিজেপি ৮২টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পায়। আর এনডিএ জিতেছে ১০২টি আসন। অপরদিকে পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে বিজেপি। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রীরা, বিজেপি শাসিত ১৬ রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপি শীর্ষ নেতৃত্ব। ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি ২০৭ টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান হয়। শুভেন্দুর সঙ্গে শপথ নেন আরও আরও পাঁচ মন্ত্রী। এরা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোল কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু সহ ও নিশীথ প্রামাণিক। আজ নবান্ন সভাঘরে প্রথম ক্যাবিনেট বৈঠক করলেন শুভেন্দু অধিকারী।
