ওয়েব ডেস্ক : ক্রিকেট মাঠে ফেরার আগে আপাতত নতুন ভূমিকায় দেখা যাচ্ছে রোহিত শর্মাকে (Rohit Sharma)। আসন্ন একটি টেলিভিশন অনুষ্ঠানের শুটিং নিয়ে ব্যস্ত ভারতের প্রাক্তন অধিনায়ক। এরই মধ্যে অনুষ্ঠানের নতুন প্রচারে রোহিতের পরনে থাকা একটি টি শার্ট ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। সাদা টি শার্টে লেখা ‘নন কমিটাল’ (Non Committal) বার্তাটি নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। অনেকেই মনে করছেন, ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকরের পুরনো মন্তব্যকে ইঙ্গিত করেই হয়তো এমন বার্তা দিয়েছেন রোহিত। তবে রোহিত নিজে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।
আসলে গত বছর অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা করার সময় নির্বাচক প্রধান আগরকর (Ajit Agarkar) দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ ভবিষ্যৎ প্রসঙ্গে এই শব্দগুলিই ব্যবহার করেছিলেন। তার পরেই শুভমন গিলকে অধিনায়ক করা হয়েছিল। এদিকে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় হবে সেই বিশ্বকাপ। এর পর থেকেই ২০২৭ বিশ্বকাপে রোহিতের খেলা নিয়ে জল্পনা চলছে।
আরও খবর : আরও লজ্জায় পাকিস্তান, রানের পাহাড় খাড়া করল ইংল্যান্ড
বৃহস্পতিবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে এই প্রশ্নের মুখোমুখি হন রোহিত (Rohit Sharma)। ২০২৭ সালের অক্টোবর এখনও অনেক দূরে বলে মন্তব্য করেন তিনি। রোহিতের বক্তব্য, সময় এলে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রোহিতের এই মন্তব্যের পরই তাঁর নতুন প্রচারের ভিডিওতে ‘নন-কমিটাল’ লেখা টি-শার্ট নিয়ে আলোচনা আরও বেড়েছে। নেটমাধ্যমে একাংশের দাবি, আগরকরের সেই মন্তব্যের জবাব হিসেবেই হয়তো এই বার্তা দিয়েছেন রোহিত। যদিও এটি নিছক প্রচারের অংশ, নাকি সত্যিই কোনও ইঙ্গিত—তা স্পষ্ট নয়।
উল্লেখ্য, রোহিত বর্তমানে আর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ও টেস্ট ক্রিকেট খেলেন না। ফলে এক দিনের ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়েই এখন সবচেয়ে বেশি আগ্রহ ক্রিকেটমহলে।
