গর্ভে তিন সন্তান, ঝুঁকি ছিল প্রবল! একই দিনে দুই প্রসূতির জটিল অস্ত্রোপচারে শান্তিপুর হাসপাতালে বিরল সাফল্য

Must Read

ওয়েব ডেস্ক : নদিয়ার (Nadia) শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে (Shantipur State General Hospital) একই দিনে গর্ভে তিনটি করে সন্তান থাকা দুই প্রসূতির জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হল। চিকিৎসাবিজ্ঞানে এই ধরনের গর্ভধারণকে ‘ট্রিপলেট প্রেগন্যান্সি’ বলা হয়। দু’টি ক্ষেত্রেই জটিলতার আশঙ্কা থাকায় দ্রুত চিকিৎসার প্রয়োজন ছিল। চিকিৎসকদের তৎপরতায় সফল অস্ত্রোপচারের পর বর্তমানে দুই প্রসূতিই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শান্তিপুরের (Shantipur) বাগাছড়ার লক্ষ্মীতলাপাড়া এবং চর সরাগর এলাকার দুই মহিলা গর্ভে তিনটি করে সন্তান নিয়ে চিকিৎসাধীন ছিলেন। তাঁদের গর্ভধারণের সময়সীমা ছিল যথাক্রমে প্রায় ১৮-১৯ সপ্তাহ এবং ২২ সপ্তাহ। দু’জনেরই এর আগে একবার করে সিজারিয়ান প্রসব হয়েছিল। একসঙ্গে তিনটি সন্তান গর্ভে থাকায় তাঁদের ক্ষেত্রে অকালপ্রসব ও গর্ভপাতের ঝুঁকি ছিল তুলনামূলকভাবে বেশি।

আরও খবর : বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বৃষ্টিতে ভিজবে বাংলা! উত্তর-দক্ষিণে সতর্কতা

চিকিৎসকদের মতে, গর্ভে একটির পরিবর্তে তিনটি সন্তান থাকলে জরায়ুর উপর অতিরিক্ত চাপ তৈরি হয়। ফলে নির্দিষ্ট সময়ের আগেই জরায়ুমুখ খুলে যাওয়ার আশঙ্কা থাকে। সেই ঝুঁকি কমাতে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. পবিত্র ব্যাপারী ও তাঁর চিকিৎসক দল স্পাইনাল অ্যানাস্থেশিয়ার মাধ্যমে দুই প্রসূতির জরায়ুমুখে বিশেষ সেলাই করেন। চিকিৎসাবিজ্ঞানে এই পদ্ধতিকে ‘ম্যাকডোনাল্ড সারক্লাজ’ বলা হয়। চিকিৎসকদের লক্ষ্য, অন্তত ৩৪ সপ্তাহ পর্যন্ত গর্ভধারণ স্বাভাবিকভাবে বজায় রাখা, যাতে সন্তানরা পরিণত অবস্থায় জন্ম নিতে পারে।

ডা. পবিত্র ব্যাপারী জানান, বেসরকারি হাসপাতালে এই ধরনের জটিল অস্ত্রোপচার যথেষ্ট ব্যয়বহুল। সেখানে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে দুই প্রসূতির অস্ত্রোপচার করা হয়েছে। সরকারি হাসপাতালে এই চিকিৎসা পেয়ে খুশি দুই পরিবার। আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় সরকারি হাসপাতালের উপরই তাঁরা ভরসা করেছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁরা।

মহকুমা স্তরের একটি সরকারি হাসপাতালে একই দিনে গর্ভে তিন সন্তান থাকা দুই প্রসূতির এমন জটিল অস্ত্রোপচার সফল হওয়াকে নদিয়ার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবেই দেখছেন চিকিৎসক মহল।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This