ওয়েব ডেস্ক : মহারাষ্ট্রের (Maharastra) সমৃদ্ধি হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল অন্তত ৭ জনের। বৃহস্পতিবার অমরাবতী জেলার ধামনগাঁও রেলওয়ে স্টেশনের কাছে একটি ট্রাকের সঙ্গে টেম্পো পিকআপের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন।
জানা গিয়েছে, টেম্পো পিকআপটিতে ছিলেন একদল পুণ্যার্থী। তাঁরা বুলঢানা জেলার বিখ্যাত তীর্থস্থান শেগাঁও থেকে ওয়ার্ধার দিকে যাচ্ছিলেন। গাড়িতে দুর্গার প্রতিমাও ছিল। ধামনগাঁও রেলওয়ে স্টেশনের কাছে আচমকাই ট্রাকটির সঙ্গে টেম্পোটির সংঘর্ষ হয়।দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে শুরু হয় উদ্ধারকাজ।
আরও খবর : ‘বিপদের সময় হনুমান চালিশা পাঠ করছিলাম’, মোদিকে জানালেন ছুরিকাহত পাইলট স্মিত মচ্ছর
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে ১৯ জনকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। পরে রেল পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে চার থেকে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। কীভাবে ট্রাক ও টেম্পো পিকআপের মধ্যে সংঘর্ষ হল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
