কলকাতা: লাইসেন্স ছাড়া গোহত্যা করে প্রকাশ্যে মাংস বিক্রির অভিযোগে রাজারহাট (Rajarhut) থেকে ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার ধৃতদের বারাসত মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজারহাটের রাইগাছি-সহ একাধিক এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাংস কেটে বিক্রির অভিযোগ উঠছিল। অভিযোগের ভিত্তিতে রাজারহাট থানার পুলিশ অভিযান চালায়। সেই অভিযানে লাইসেন্স ছাড়া বেআইনিভাবে গোহত্যা করে মাংস বিক্রির অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর শনিবার আদালতে তোলা হয়।
আরও পড়ুন: বিস্ফোরণের পর বাড়ল রহস্য, রাজারহাটে তদন্তে এনআইএ, মিলল আরও বিস্ফোরক!
পুলিশের দাবি, ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং কতদিন ধরে ওই বেআইনি কর্মকাণ্ড চলছিল। পাশাপাশি মাংস বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি অনুমতি বা লাইসেন্স ছিল কি না, তাও তদন্তে গুরুত্ব পাচ্ছে।
ঘটনা নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। রাজারহাট-নিউটাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া দাবি করেন, রাজ্যে বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। তাঁর কথায়, আইন ভেঙে কোনও ধরনের বেআইনি ব্যবসা বরদাস্ত করা হবে না এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে উল্লেখযোগ্য বিষয়, পুলিশের অভিযোগের ভিত্তিতেই এই গ্রেপ্তারি হয়েছে। আদালতে বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনত প্রমাণিত নয়। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
