নোয়াপাড়া : গারুলিয়ায় মদ্যপানের প্রতিবাদ করায় এক যুবককে পিটিয়ে খুনের (Murder) অভিযোগ উঠল। মৃতের নাম শেখর চৌধুরী ওরফে বান্টি। বয়স আনুমানিক ৩০ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নোয়াপাড়া (Noapara) বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সুনীল সিংয়ের আপ্তসহায়ক হিসেবে কাজ করতেন শেখর।
অভিযোগ, বুধবার রাতে বাড়ির কাছের একটি ক্লাবে কয়েকজন যুবক মদ্যপান করছিলেন। সেখানে মদ্যপানের প্রতিবাদ করায় প্রথমে বচসা ও হাতাহাতি শুরু হয়। পরে শেখরকে ইট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।
আরও খবর : ঝুলন উৎসবের মুখে ঘোর মন্দা, সঙ্কটে ঘূর্ণির মাটির পুতুল শিল্প
গুরুতর জখম অবস্থায় শেখরকে উদ্ধার করে প্রথমে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়।
ঘটনায় বিকি চৌধুরী, আমান চৌধুরী ও পিন্টু চৌধুরীকে গ্রেফতার করেছে নোয়াপাড়া (Noapara) থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃতদের বিরুদ্ধে নিষিদ্ধ মাদক বিক্রিসহ আগেও একাধিক অভিযোগ রয়েছে। এলাকায় মাদক কারবার নিয়ে দীর্ঘদিনের অভিযোগও রয়েছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
