28.6 C
Kolkata

গ্রেফতার নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজি

Must Read

নন্দীগ্রাম: নন্দীগ্রামের (Nandigram) কালীচরণপুর এলাকার তৃণমূল (TMC) নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করেছে পুলিশ। একাধিক মামলায় তাঁর নাম রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে ঠিক কোন মামলার ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কিছু জানানো হয়নি।

পুলিশ সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই তিনি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক অজামিনযোগ্য ধারায় মামলা রয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনসা বাজারে বিজেপি কর্মী রথিবালা আড়ি হত্যাকাণ্ডের মামলায় তাঁর নাম উঠে আসে বলে অভিযোগ। এছাড়াও ২০২২ সালের সমবায় ব্যাঙ্ক নির্বাচনকে কেন্দ্র করে কাঞ্চননগর হাইস্কুলে বোমাবাজির ঘটনায় দায়ের হওয়া এনআইএ মামলাতেও তাঁর নাম রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বিজেপি কর্মীকে মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা তাপস চক্রবর্তী

পুলিশি তদন্তে আরও দাবি করা হয়েছে, বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উপর হামলা ও মারধরের একাধিক অভিযোগেও তাঁর নাম রয়েছে।

গ্রেফতারের পর মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় পুলিশি নিরাপত্তার মধ্যেই তাঁকে হাসপাতালে আনা হয়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের একাংশ বিক্ষোভ দেখান বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয় এবং ডিম ছোড়ার ঘটনাও ঘটে।

এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। পরে তাঁকে আদালতে পেশ করা হয়।

তবে আব্দুল আলিম আলরাজি বা তাঁর আইনজীবীর পক্ষ থেকে এই অভিযোগগুলির বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট মামলাগুলির তদন্ত চলবে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।

Latest News

পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত, মর্নিং স্কুলে উপস্থিতির নিয়মে শিথিলতার অনুমতি সরকারের

ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল (FIFA World Cup 2026) ম্যাচকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মর্নিং স্কুলগুলির (Schools) জন্য বিশেষ...

More Articles Like This