ডাক্তারি সামলেই বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড় দায়িত্ব, ‘টিম নবীনে’ বাংলার মুখ মধুছন্দা কর

Must Read

কলকাতা: ডাক্তারি পেশার পাশাপাশি রাজনীতির ময়দানেও বড় দায়িত্ব পেলেন বাংলার চিকিৎসক মধুছন্দা কর (Madhuchanda Kar)। বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের (Nitin Naveen) নতুন কেন্দ্রীয় টিমে সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। সোমবার বিজেপির কেন্দ্রীয় সংগঠনে নতুন পদাধিকারীদের তালিকা প্রকাশ্যে আসার পরই সামনে আসে এই খবর। বাংলার আরও এক নেতা, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাও জায়গা পেয়েছেন নতুন টিমে।

মধুছন্দা বর্তমানে রাজ্য বিজেপির চিকিৎসক সংগঠনের সভাপতি। চিকিৎসক মহলে অঙ্কোলজিস্ট হিসাবেও পরিচিত তিনি। ক্যানসার চিকিৎসার সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত মধুছন্দার চিকিৎসাক্ষেত্রে একাধিক উচ্চশিক্ষা ও ফেলোশিপ রয়েছে বলে দলীয় সূত্রে দাবি। বর্তমানে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত তিনি।

আরও খবর : রাজ্যে ফের কোভিডে মৃত্যু! প্রাণ গেল দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের

চিকিৎসার পাশাপাশি বিজেপির সংগঠনের সঙ্গেও দীর্ঘ দিন ধরে কাজ করছেন মধুছন্দা। রাজ্য বিজেপির চিকিৎসক সংগঠনের দায়িত্ব সামলানোর পাশাপাশি জনসেবামূলক নানা কাজেও যুক্ত ছিলেন তিনি। এবার রাজ্য স্তর পেরিয়ে সরাসরি দলের সর্বভারতীয় সংগঠনে জায়গা করে নিলেন।

বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর নীতীন নবীন সংগঠনে বড়সড় রদবদল করেছেন। নতুন টিমে বাংলার দুই মুখের অন্তর্ভুক্তি রাজনৈতিক ভাবেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মধুছন্দার পাশাপাশি মনোজ টিগ্গাকে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার থেকে জয়ী টিগ্গা উত্তরবঙ্গের চা বলয়ের রাজনীতিতে বিজেপির গুরুত্বপূর্ণ মুখ।

রাজনীতির সঙ্গে চিকিৎসা পেশা কী ভাবে সামলাবেন, তা নিয়ে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি মধুছন্দা। তবে রাজ্য বিজেপির চিকিৎসক সংগঠনের নেতৃত্ব থেকে সরাসরি কেন্দ্রীয় সংগঠনের শীর্ষস্তরে তাঁর উত্থান দলের অন্দরে নিঃসন্দেহে বড় স্বীকৃতি। নতুন দায়িত্বে মধুছন্দার ভূমিকা এবং আগামী দিনে বাংলায় দলের সংগঠনে তাঁর প্রভাব কতটা বাড়ে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Latest News

বিসিসিআইয়ের শতবর্ষে বড় চমক! বিশ্ব একাদশের বিরুদ্ধে খেলতে পারে টিম ইন্ডিয়া

ওয়েব ডেস্ক : ১০০ বছরে পা দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই (BCCI Centenary Celebration)। ২০২৭ সালের ডিসেম্বর...

More Articles Like This