ওয়েব ডেস্ক : বুকে সংক্রমণ নিয়ে দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে ভর্তি প্রবীণ বিজেপি নেতা তথা দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী (LK Advani)। হাসপাতাল সূত্রে খবর, ৯৮ বছর বয়সি এই নেতার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালের ফুসফুস সংক্রান্ত বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকদের একটি দল আডবাণীর শারীরিক অবস্থার উপর নজর রাখছে। তাঁর একাধিক শারীরিক পরীক্ষা চলছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রেখেই আপাতত তাঁর চিকিৎসা করা হচ্ছে।
আরও খবর : গুজরাতের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৫ শ্রমিক, আহত ৬
এর আগেও একাধিকবার শারীরিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল প্রবীণ এই নেতাকে। চলতি বছরের মে মাসেও বয়সজনিত শারীরিক জটিলতার কারণে তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরেও তাঁকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে বার নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে স্নায়ুরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা ও শারীরিক পরীক্ষা করা হয়েছিল। তখনও হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছিল।
উল্লেখ্য, ১৯২৭ সালের ৮ নভেম্বর বর্তমান পাকিস্তানের করাচিতে জন্ম লালকৃষ্ণ আডবাণীর (LK Advani)। ভারতীয় জনতা পার্টির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নেতা তিনি। দলের সাংগঠনিক বিস্তার এবং জাতীয় রাজনীতিতে বিজেপির উত্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আডবাণী। একাধিকবার দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি।
১৯৯০ সালে তাঁর রাম রথযাত্রা ভারতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে পরিচিত। পরবর্তী সময়ে অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন সরকারে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের উপপ্রধানমন্ত্রী ছিলেন আডবাণী। এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন তিনি।
দেশের জনজীবনে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৫ সালে তাঁকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়। ২০২৪ সালে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পান তিনি। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন প্রবীণ এই নেতা।
