ভবানীভবনে অভিষেক, কালীঘাটের বাড়িতে পুরসভার মাপজোক! বেআইনি নির্মাণ খতিয়ে দেখছে KMC?

Must Read

কলকাতা: তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যখন ভবানীভবনে সিআইডির (CID) জেরার মুখোমুখি, ঠিক তখনই তাঁর কালীঘাটের (Kalighat) বাসভবনে পৌঁছলেন কলকাতা পুরসভার (KMC) আধিকারিকরা। মঙ্গলবার দুপুরে আচমকাই ১২১, কালীঘাট রোডের বাড়িতে গিয়ে আধুনিক যন্ত্রের সাহায্যে মাপজোক করতে দেখা যায় পুরকর্তাদের।

স্থানীয় সূত্রের দাবি, বাড়ি এবং তার চারপাশের জমির পরিমাপ করে নথিভুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সংশ্লিষ্ট নির্মাণ অনুমোদিত নকশা অনুযায়ী হয়েছে কি না, কিংবা অতিরিক্ত জমি দখল করে কোনও অংশ নির্মিত হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন। তবে পুরসভার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেননি উপস্থিত আধিকারিকরা।

আরও পড়ুন: মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বাতিলের দাবি, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ শতদ্রু দত্ত

উল্লেখ্য, বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সপরিবারে কালীঘাটের এই বাড়িতেই থাকেন। এদিন তিনি ‘ডিজে মন্তব্য’ সংক্রান্ত মামলায় সিআইডির তলবে ভবানীভবনে গিয়েছিলেন। তাঁর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পুরসভার ইঞ্জিনিয়াররা সেখানে পৌঁছন বলে স্থানীয়দের দাবি।

এর আগে হরিশ মুখার্জি স্ট্রিটে অবস্থিত অভিষেকের ‘শান্তিনিকেতন’ বাসভবনের কিছু অংশ নিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় কলকাতা পুরসভা নকশা ও নির্মাণ সংক্রান্ত নথি চেয়ে নোটিসও পাঠিয়েছিল। পরে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার জন্য সময় চেয়েছিলেন অভিষেক।

এই প্রেক্ষাপটে কালীঘাটের বাড়িতেও পুরসভার মাপজোক নতুন করে জল্পনা উসকে দিয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও বেআইনি নির্মাণের অভিযোগ প্রমাণিত হয়নি এবং পুরসভার পক্ষ থেকেও ভাঙার মতো কোনও পদক্ষেপের কথা ঘোষণা করা হয়নি।

ফলে আপাতত এটুকুই স্পষ্ট, পুরসভা নির্মাণ সংক্রান্ত তথ্য যাচাই করছে। ভবিষ্যতে রিপোর্টের ভিত্তিতে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সেদিকেই নজর রাজনৈতিক মহল ও স্থানীয় বাসিন্দাদের।

Latest News

বিশ্বব্যবস্থায় বদলের ডাক, গ্লোবাল সাউথকে সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে আসার আহ্বান মোদির

ওয়েব ডেস্ক : বিশ্ব পরিচালনার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির ভূমিকা আরও বাড়ানো প্রয়োজন। ব্রিকস সম্মেলনের (BRICS Summit) মঞ্চ থেকে গ্লোবাল...

More Articles Like This