ওয়েব ডেস্ক : বিশ্ব পরিচালনার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির ভূমিকা আরও বাড়ানো প্রয়োজন। ব্রিকস সম্মেলনের (BRICS Summit) মঞ্চ থেকে গ্লোবাল সাউথকে শুধু আন্তর্জাতিক নিয়মের অনুসারী না হয়ে নিয়ম তৈরির প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর বক্তব্য, যে দেশগুলি আন্তর্জাতিক সিদ্ধান্তের প্রভাবে সবচেয়ে বেশি পড়ে, তাদেরই অনেক সময় সেই সিদ্ধান্ত গ্রহণের জায়গায় যথেষ্ট ভূমিকা থাকে না।
বর্তমান বিশ্বব্যবস্থাকে একটি ‘ক্ষমতার পিরামিড’-এর সঙ্গে তুলনা করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের অধিকার একটি নির্দিষ্ট স্তরে কেন্দ্রীভূত হয়ে রয়েছে। অন্যদিকে বহু দেশ সেই সিদ্ধান্তের প্রভাব বহন করলেও তা বদলানোর ক্ষেত্রে তাদের সুযোগ সীমিত। এই পরিস্থিতি বদলে বিশ্ব পরিচালনার কাঠামোকে আরও অংশীদারিত্বমূলক করার প্রয়োজনীয়তার কথা বলেন মোদি (Narendra Modi)। তাঁর বার্তা, গ্লোবাল সাউথকে সিদ্ধান্তের প্রভাব গ্রহণকারী দেশগুলির গণ্ডিতে আটকে থাকলে চলবে না। আন্তর্জাতিক নিয়ম ও নীতি নির্ধারণের ক্ষেত্রেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করতে হবে।
আরও খবর : ইরান-সৌদি-আমিরশাহির বিরোধের মাঝেও বড় সাফল্য ভারতের
বিশ্ব প্রশাসনের সংস্কার নিয়ে ব্রিকসের (BRICS Summit) পক্ষ থেকে একটি নির্দিষ্ট রোডম্যাপ তৈরির প্রস্তাবও দেন প্রধানমন্ত্রী। তাঁর প্রস্তাব, আগামী ব্রিকস সম্মেলনের মধ্যে সংস্কারের জন্য ১০টি প্রস্তাবকে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনায় রূপ দেওয়া হোক।
একইসঙ্গে ব্রিকসকে আরও কার্যকর করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মোদি। তাঁর বক্তব্যের মূল লক্ষ্য ছিল এমন একটি আন্তর্জাতিক ব্যবস্থা তৈরি করা, যেখানে প্রতিটি দেশের মতামত ও অংশগ্রহণের গুরুত্ব থাকবে এবং বিশ্বব্যাপী সিদ্ধান্ত গ্রহণ আরও ভারসাম্যপূর্ণ হবে।
