টানা ৯ দিন অনশনে অসুস্থ, হাসপাতালে ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’ দেবেন্দ্র মাহাতো

Must Read

ওয়েব ডেস্ক: নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত ঝাড়খণ্ড (Jharkhand)। টানা ন’দিন অনশনের পর সোমবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ছাত্রনেতা তথা সমাজকর্মী দেবেন্দ্রনাথ মাহাতো (Debendra Mahato)। ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’ নামে পরিচিত দেবেন্দ্রনাথকে রাঁচির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিক ভাবে কমে গিয়েছে। আপাতত জরুরি বিভাগে চিকিৎসাধীন তিনি।

ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (JSSC) নিয়োগ পরীক্ষায় একাধিক অনিয়মের অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। এই দাবিতে গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাজার হাজার পরীক্ষার্থী।

আরও খবর : নেতাজির আদর্শে নতুন রাজনৈতিক দল! জেন জি-কে সামনে রেখে ‘আজাদ হিন্দ পার্টি’, মেন্টর হতে পারেন চন্দ্র বসু

আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে অনশনে বসেছিলেন লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা দেবেন্দ্রনাথ। তাঁর আন্দোলনের খবর পৌঁছয় পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের কাছেও। তিনি দেবেন্দ্রনাথের সঙ্গে ফোনে কথা বলেন এবং স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন। সোনমের পরামর্শে কয়েক দিন আগে নির্জলা অনশন ভেঙে জলপান শুরু করেছিলেন দেবেন্দ্রনাথ। তবে খাবার গ্রহণ করেননি।

এ দিকে সোমবার বিধানসভা ঘেরাওয়ের কর্মসূচিকে কেন্দ্র করে রাঁচিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পড়ুয়াদের বিক্ষোভে সাধারণ মানুষও যোগ দেন বলে দাবি। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং জলকামান ব্যবহার করে।

আন্দোলনকারীদের মূল দাবি তিনটি, নিয়োগে অনিয়মের নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই-ইডির হস্তক্ষেপ, স্বচ্ছতা না আসা পর্যন্ত সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল এবং গোটা নিয়োগ ব্যবস্থার সংস্কার করে যোগ্য প্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করা।

 

Latest News

দায়িত্ব পালন না করলে থানার সব পুলিশকে পশ্চিমবঙ্গর শেষপ্রান্তে ট্রান্সফার করব: প্রধান বিচারপতি

ওয়েব ডেস্ক : রায়গঞ্জ থানার পুলিশ চিকিৎসকের নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আশ্চর্য! ওই...

More Articles Like This