পঞ্জাব সীমান্তে গুলি নিয়ে পাক দাবি খারিজ দিল্লির! পাক কূটনীতিককে তলব, পাল্টা ইসলামাবাদেও ভারতীয় দূতকে ডাকা

Must Read

নয়াদিল্লি: পঞ্জাবের ফিরোজ়পুর সীমান্তে গুলি চালানোর ঘটনা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন। পাকিস্তানের অভিযোগ খারিজ করে শনিবার দিল্লিতে সে দেশের হাই কমিশনের ভারপ্রাপ্ত কূটনীতিক বা চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করল ভারতীয় বিদেশ মন্ত্রক। একই ঘটনার প্রতিবাদে ইসলামাবাদও ভারতীয় দূতাবাসের ভারপ্রাপ্ত কূটনীতিককে তলব করেছে।

২ অক্টোবর পঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তের ফিরোজ়পুর সেক্টরে বিএসএফের গুলিতে দু’জন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়। ঘটনাটি নিয়ে দুই দেশের বক্তব্য সম্পূর্ণ আলাদা। পাকিস্তানের দাবি, মৃতেরা নিরস্ত্র সাধারণ নাগরিক এবং তাঁদের লক্ষ্য করে বিনা প্ররোচনায় গুলি চালানো হয়েছে। অন্য দিকে, ভারতের বক্তব্য, তাঁরা অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

ভারতীয় বিদেশ মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, মোট তিন জন ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করেছিলেন। বিএসএফের তরফে বার বার তাঁদের ফিরে যেতে সতর্ক করা হলেও তাঁরা সীমান্তের বেড়ার দিকে এগিয়ে যাচ্ছিলেন। নিরাপত্তার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ করতে বাধ্য হয় বাহিনী। একজন ফিরে গেলেও দু’জন এগিয়ে আসেন বলে ভারতীয় পক্ষের দাবি।

দিল্লি আরও জানিয়েছে, এই ঘটনা বিচ্ছিন্ন নয়। পাকিস্তান থেকে পরিচালিত মাদক পাচারকারী চক্রের মাধ্যমে সীমান্ত পেরিয়ে বার বার অনুপ্রবেশের অভিযোগও তোলা হয়েছে। পাকিস্তানকে এই ধরনের অনুপ্রবেশ ও মাদক পাচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক চুক্তিগুলি মেনে চলার কথাও জানিয়েছে নয়াদিল্লি।

অন্য দিকে, পাকিস্তানের বিদেশ মন্ত্রক ভারতীয় বাহিনীর পদক্ষেপকে অতিরিক্ত ও অযৌক্তিক বলে দাবি করেছে এবং ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। ফলে সীমান্তের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক চাপ আরও বাড়ল।

Latest News

বীরভূমে জাতীয় সড়ক উন্নয়নে ৫০৮ কোটি, বড় ঘোষণা কেন্দ্রের

ওয়েব ডেস্ক : বীরভূমে (Birbhum) জাতীয় সড়ক উন্নয়নে বড়সড় বরাদ্দ করল কেন্দ্র (Central Government)। জেলার দুটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক...

More Articles Like This