Forbidden

You don't have permission to access th1s resource.

মামলার জেরে সরকারি হাসপাতালে খাবার পরিষেবায় ব্যাঘাত নয়, গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের - KolkataTV
33.6 C
Kolkata

মামলার জেরে সরকারি হাসপাতালে খাবার পরিষেবায় ব্যাঘাত নয়, গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের

Must Read

ওয়েব ডেস্ক : মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারি হাসপাতালের (Government hospital) রোগীদের খাদ্য পরিষেবা কোনওভাবেই ব্যাহত করা যাবে না। এক মামলায় মঙ্গলবার এই মর্মে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার বেঞ্চ জানিয়ে দিয়েছে, নতুন খাদ্য সরবরাহকারী সংস্থা চূড়ান্ত না হওয়া পর্যন্ত বর্তমান সরবরাহকারী সংস্থাকেই পরিষেবা চালিয়ে যেতে হবে। তবে তাদের নতুন নির্ধারিত মূল্যেই খাবার সরবরাহ করতে হবে। একইসঙ্গে আদালত স্পষ্ট জানিয়েছে, একক বেঞ্চের নির্দেশ না আসা পর্যন্ত নতুন করে কোনও টেন্ডার ডাকা যাবে না। একক বেঞ্চের বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশের পরই রাজ্য এ ব্যাপারে পদক্ষেপ করতে পারবে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতকে জানান, কলকাতা হাই কোর্টের ১০ এপ্রিল ২০২৬-এর নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি সরকারি হাসপাতালের রোগীদের জন্য খাবারের তালিকা, গুণগত মান এবং উপযুক্ত মূল্য নির্ধারণ-সহ সমস্ত বিষয় খতিয়ে দেখে সুপারিশ করেছে। কিন্তু মামলাটি এখনও বিচারাধীন থাকায় নতুন টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করে নতুন সংস্থা নির্বাচন করা সম্ভব হচ্ছে না। কারণ বিচারপতি কৃষ্ণা রাও সামগ্রিক টেন্ডার প্রক্রিয়ার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন। সেই স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদনও জানায় রাজ্য।

আরও খবর : বদলে যাচ্ছে শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম!

অন্যদিকে, বর্তমান খাদ্য সরবরাহকারী সংস্থার পক্ষে আইনজীবী সপ্তাংশু বসু আদালতে দাবি করেন, ২০১৭ সাল থেকে তাঁর মক্কেল সরকারি হাসপাতালগুলিতে খাবার সরবরাহ করে আসছে। কিন্তু দীর্ঘদিন পুরনো দরে খাবার সরবরাহ করতে গিয়ে সংস্থাকে আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই বিষয়টি বিবেচনা করার আর্জি জানানো হয়।

আদালতে জানানো হয়, বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে বর্তমানে দুটি পৃথক মামলা বিচারাধীন রয়েছে। একটি মামলায় পুরনো টেন্ডার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং অন্য মামলায় রাজ্যের ২৩ জুলাই জারি করা নতুন বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাও রাজ্যকে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। জানিয়েছেন, আগামী ২০ আগস্ট দুটি মামলারই একসঙ্গে শুনানি হবে। ফলে এই বিষয়ে রাজ্যের বক্তব্যও একক বেঞ্চেই পেশ করতে হবে।

প্রসঙ্গত, সরকারি হাসপাতালের রোগীদের খাবার সরবরাহের জন্য টেন্ডার প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি জট চলছে। চলতি বছরের ১০ এপ্রিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নির্দেশ দিয়েছিল, ১২ এপ্রিলের মধ্যে একটি কমিটি গঠন করে বিষয়টি পর্যালোচনা করতে হবে। পরে ১৮ জুন রাজ্য আদালতকে জানায়, সেই নির্দেশ কার্যকর করা হয়েছে। এরপর নতুন বিজ্ঞপ্তি জারি হলে তা নিয়েও পৃথক মামলা দায়ের হয়। এই দুই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারপতি কৃষ্ণা রাও নতুন টেন্ডার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করেছিলেন। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। মঙ্গলবারের নির্দেশে ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রোগীদের খাবার পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে।

Latest News

কঙ্গোয় ভয়াবহ ইবোলা, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল! দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ

ওয়েব ডেস্ক : কঙ্গোয় (Congo) ভয়াবহ আকার নিয়েছে ইবোলা সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৪,৩৮১ জনের শরীরে সংক্রমণ...

More Articles Like This