কলকাতার পুজোয় ফের বৃষ্টির ভ্রুকুটি! চতুর্থী থেকেই বদলাবে আবহাওয়া, ভাসবে কোন কোন জেলা?

Must Read

ওয়েব ডেস্ক : পুজোর আনন্দে মাতোয়ারা বাংলা। চতুর্থীতেই শহর থেকে জেলার পুজোমণ্ডপগুলিতে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। রাত জেগে ঠাকুর দেখার পরিকল্পনা করছেন বহু মানুষ। কিন্তু উৎসবের আবহেই ফের আবহাওয়া (Weather) বদলের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর পরিকল্পনা করার আগে আবহাওয়ার দিকে নজর রাখা জরুরি।

দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে আবহাওয়ার এই পরিবর্তন পুজোর আনন্দে কিছুটা প্রভাব ফেলতে পারে। তবে বৃষ্টির পরিমাণ ও স্থানীয় পরিস্থিতি অনুযায়ী দুর্ভোগের মাত্রা বদলাতে পারে।

আরও খবর : পুজোর আগেই জেলমুক্তি, অন্তর্বর্তী জামিন পেলেন সব্যসাচী দত্ত

আবহাওয়ার এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলের ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, দক্ষিণ শ্রীলঙ্কা উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেখান থেকে একটি পূর্ব-পশ্চিমমুখী নিম্নচাপ অক্ষরেখা মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই পরিস্থিতির জেরে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আবহাওয়া (North bengal weather) মোটের উপর শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা নেই বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

পঞ্চমীতেও কি বৃষ্টির চোখরাঙানি?

বৃহস্পতিবার, অর্থাৎ পঞ্চমীতেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ায় ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকতে পারে।

Latest News

যন্তর মন্তরে ঢুকে গ্রেফতার! পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপির দুই নেতা

ওয়েব ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) ঢুকে বিক্ষোভ দেখানোর ঘটনায় পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হল ককরোচ...

More Articles Like This