34 C
Kolkata

জুনেই ৩১৫ নিহত বিজেপি কর্মীর পরিবারে চাকরি, মিলবে ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্যও: মুখ্যমন্ত্রী

Must Read

কলকাতা: একুশের বিধানসভা ভোট-পরবর্তী হিংসায় নিহত বিজেপি (BJP) কর্মীদের পরিবারের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার নিউটাউনের কনভেনশন সেন্টারে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে তিনি জানান, চলতি জুন মাসের মধ্যেই নিহত ৩১৫ জন বিজেপি কর্মীর পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেক পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।

ক্ষমতায় আসার আগেই ভোট-পরবর্তী হিংসার ঘটনায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরও তিনি সেই প্রতিশ্রুতির কথা একাধিকবার উল্লেখ করেন। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের সময়সীমাও স্পষ্ট করে দিলেন।

বিজেপির অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জেলায় দলীয় কর্মীদের উপর হামলা, ভাঙচুর ও খুনের ঘটনা ঘটেছিল। পদ্ম শিবিরের দাবি, ওই সময় ৩২১ জন বিজেপি কর্মী প্রাণ হারিয়েছিলেন। এই নিয়ে আদালত থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক স্তরে লড়াই চালালেও দীর্ঘদিন কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ।

আরও পড়ুন: শাহের বঙ্গ সফরের আগেই মেগা-বৈঠকে স্বরাষ্ট্র সচিব! অনুপ্রবেশ, ফেন্সিং, আর কোন বিষয়ে হবে আলোচনা?

সম্প্রতি রাজ্যে সরকার পরিবর্তনের পর নিহত ও আক্রান্ত কর্মীদের পরিবারের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছিল বিজেপি নেতৃত্ব। ফলতার এক সভা থেকে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ক্ষমতায় এলে ভোট-পরবর্তী হিংসার শিকার পরিবারগুলিকে সরকারি চাকরি দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো হবে।

রবিবারের ঘোষণায় সেই প্রতিশ্রুতিরই বাস্তব রূপ দেখা গেল। মুখ্যমন্ত্রী জানান, প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে জুন মাসের মধ্যেই নিয়োগপত্র তুলে দেওয়া হবে। একইসঙ্গে আর্থিক সহায়তাও প্রদান করা হবে।

সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন নিহত কর্মীদের পরিবারের সদস্যরা। দীর্ঘদিনের অপেক্ষার পর তাঁদের পাশে সরকার দাঁড়িয়েছে বলে মত অনেকের। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই পদক্ষেপ ভোট-পরবর্তী হিংসা ইস্যুতে বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানকেও আরও জোরালো করবে।

Latest News

তাবু-স্লিপিং ব্যাগ নিয়েও হয়েছে দুর্নীতি! অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এভারেস্টজয়ী পিয়ালি বসাকের

ওয়েব ডেস্ক: মেসি-কাণ্ডে (Messi Controversy) প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) ঘিরে বিতর্কের আবহে এবার তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ...

More Articles Like This