ওয়েব ডেস্ক : পুজো (Durga Puja) আসতে আর মাত্র এক মাসের অপেক্ষা। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রস্তুতি। পুজোর বাজার থেকে মণ্ডপ তৈরির কাজ, সর্বত্রই এখন উৎসবের আমেজ। কিন্তু এই আনন্দের মধ্যেই আবহাওয়া নিয়ে তৈরি হয়েছে কিছুটা উদ্বেগ। কারণ চলতি বছর দুর্গাপুজোর সময় প্রবল ঝড়বৃষ্টির (Rain) আশঙ্কার কথা জানা যাচ্ছে।
ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি (Rain) হতে পারে। বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়াবিদদের মতে, অক্টোবরের ওই সময় বঙ্গোপসাগর তুলনামূলকভাবে বেশি সক্রিয় থাকতে পারে। স্থলভাগ ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করলেও সমুদ্রের জল তখনও উত্তপ্ত থাকার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতির প্রভাব পড়তে পারে সংলগ্ন এলাকার আবহাওয়ায়। ফলে পুজোর দিনগুলিতে চেনা শরতের পরিষ্কার আকাশের বদলে মেঘলা আকাশ ও বৃষ্টির মুখোমুখি হতে পারে বাংলা।
আরও খবর : বাগবাজার পুজো কমিটির গঠন প্রক্রিয়ার জট কাটল
আবহাওয়াবিদদের ধারণা, অক্টোবরেও এল নিনোর প্রভাব সক্রিয় থাকতে পারে। এই প্রভাব ২০২৭ সালের মার্চ পর্যন্ত বজায় থাকার কথা বলা হয়েছে। বঙ্গোপসাগরের জলের তাপমাত্রা না কমা পর্যন্ত আশপাশের অঞ্চলের আবহাওয়ায় পুরোপুরি ভারসাম্য ফিরতে সময় লাগতে পারে জানিয়েছেন তাঁরা।
তবে এর মধ্যেই রয়েছে কিছুটা আশার খবরও। কয়েক দিন আগে পাওয়া পূর্বাভাস অনুযায়ী, পুজোর আগেই পশ্চিমবঙ্গ থেকে বর্ষা আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারে। বর্ষা বিদায় নেওয়ার পর শরতের স্বাভাবিক পরিবেশ ফিরে এলে পুজোর দিনগুলিতে পরিষ্কার আকাশও দেখা যেতে পারে। তবে উৎসব যত এগিয়ে আসবে, ততই স্পষ্ট হবে বাংলার পুজোর আকাশের আসল ছবি।
