37.3 C
Kolkata

বালাসনের ভয়াল স্রোতে তলিয়ে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, বন্ধ শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

Must Read

দুধিয়া: টানা বৃষ্টির জেরে ভয়ংকর রূপ নিয়েছে বালাসন নদী (Balason)। শুক্রবার ভোরে নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় দার্জিলিং (Darjeeling) জেলার কার্শিয়াং (Karseoung) ব্লকের দুধিয়ায় নির্মিত হিউম পাইপের অস্থায়ী সেতু। এর জেরে শিলিগুড়ি (Siliguri) ও মিরিকের (Mirik) মধ্যে সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরাও।

আবহাওয়া দফতর আগেই ২১ জুন পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। সেই পূর্বাভাস মেনেই গত কয়েকদিন ধরে পাহাড়ে চলছে লাগাতার বৃষ্টি। রাতভর বর্ষণের জেরে দ্রুত জলস্তর বেড়ে যায় বালাসন নদীতে। তার জেরেই নদীর উপরে থাকা দুধিয়ার অস্থায়ী সেতুটি স্রোতে তলিয়ে যায়।

আরও পড়ুন: সাতসকালে বৃষ্টির দাপট, জলমগ্ন কলকাতা! ধসে বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার ১২ নম্বর রাজ্য সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ ছিল এই সেতু। সেটি অকেজো হয়ে পড়ায় পাহাড়ের বহু এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড়সড় প্রভাব পড়েছে। স্থানীয়দের দাবি, বিকল্প রাস্তা থাকলেও তা দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ।

পরিস্থিতির অবনতি হওয়ায় প্রশাসনও তৎপর হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বালাসন নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। নদীর জল ক্রমশ গ্রামাঞ্চলের দিকে ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে নদীপারের বাসিন্দাদের মধ্যে।

এদিকে দীর্ঘদিন ধরে দুধিয়ায় স্থায়ী সেতু নির্মাণের কাজ চললেও তা এখনও সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, অতীতে নদীভাঙন রোধে বাঁধ নির্মাণের আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে প্রতি বর্ষাতেই একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এলাকাবাসীকে।

স্থানীয় বাসিন্দা অনুপ গাদাল বলেন, “প্রতিবছর বর্ষার সময় আতঙ্কে থাকতে হয়। দ্রুত স্থায়ী সেতু এবং শক্তিশালী বাঁধ নির্মাণ করা না হলে ভবিষ্যতে আরও বড় বিপদের আশঙ্কা রয়েছে।” এলাকাবাসীর দাবি, নতুন সরকার দ্রুত দুধিয়ায় স্থায়ী সেতু ও নদী বাঁধ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত করুক, যাতে প্রতি বর্ষায় একই দুর্ভোগের শিকার হতে না হয়।

Latest News

মমতাকে ছাড়ার পুরষ্কার? পিএসি চেয়ারম্যান পদে ফিরহাদ?

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC)-র চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা...

More Articles Like This