ওয়েব ডেস্ক : উৎসবের আনন্দ মুহূর্তে বদলে গেল শোকে। কলকাতায় দুর্গাপুজো দেখতে গিয়ে চোরবাগানের (Chorbagan case) পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল একই পরিবারের তিন সদস্যের। মৃতদের মধ্যে রয়েছেন আরামবাগের মলয়পুর ১ নম্বর অঞ্চলের বালিয়া এলাকার বাসিন্দা পিয়ালী প্রামাণিক (২৩), তাঁর ননদ টগর বেজ (৩৭) এবং ভাগনা সন্দীপ বেজ (১২)। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও এক সদস্য আগমনী বেজ (১৯)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে একই পরিবারের আটজন আরামবাগ থেকে কলকাতায় ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে শেষবার গতকাল সকালে ফোনে কথা হয়েছিল বলে জানা গিয়েছে। এরপর সন্ধ্যায় চোরবাগানের একটি পুজো মণ্ডপে ঠাকুর দেখতে গিয়ে বিপত্তি ঘটে। পদপিষ্টের ঘটনায় প্রাণ হারান তিনজন। গুরুতর আহত অবস্থায় রয়েছেন আগমনী।
আরও খবর : চোরবাগানকাণ্ডে প্রাণ গেল পানিহাটির কল্পনা জানার, মৃত সাত বছরের বিহারের আয়ংশ ও অভিষেকও
মৃত পিয়ালী প্রামাণিকের বাড়ি আরামবাগের বালিয়া উত্তরপাড়ায়। অন্যদিকে, টগর বেজ ও সন্দীপ বেজের বাড়ি পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার অন্তর্গত পাসন্ডা এলাকায়। একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর খবরে দুই এলাকাতেই নেমে এসেছে শোকের ছায়া।
একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে পরিবারের তিনজনকে হারিয়ে শোকস্তব্ধ স্বজনেরা। দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। পুজোর আনন্দে কলকাতায় যাওয়া যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনবে, তা ভাবতেই পারছেন না কেউ। বালিয়া-সহ আশপাশের এলাকায় এই ঘটনায় গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।
