ওয়েব ডেস্ক : আইপিএলের মিনি নিলাম (IPL 2026 Mini Auction) ঘিরে প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। সূত্রের খবর, আগামী ১৬ ডিসেম্বর গোয়ার আইটিসি গ্র্যান্ড গোয়ায় নিলাম আয়োজনের হতে পারে। বিসিসিআইয়ের লজিস্টিক্স বিভাগের পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় ফ্র্যাঞ্চাইজিগুলিকে সম্ভাব্য দিন ও স্থানের কথা জানানো হয়েছে। তবে নিলামের দিনক্ষণ ও স্থান নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজির মালিক এবং প্রধান নির্বাহীদের কাছে এখনও আনুষ্ঠানিক ইমেল পাঠানো হয়নি বলে খবর।
জানা যাচ্ছে, নিলামের আগের দিন, অর্থাৎ ১৫ ডিসেম্বর হবে ব্রিফিং। নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি থেকে কতজন প্রতিনিধি উপস্থিত থাকবেন, সেই তথ্যও চাওয়া হয়েছে। গোয়ায় যাতায়াত, হোটেলে থাকার ব্যবস্থা এবং অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি আগেভাগে সেরে নিতেই এই বার্তা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
আরও খবর : ‘খুব অন্যায়’, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে দলে জায়গা পেলেন না যশস্বী, ক্ষুব্ধ অশ্বিন
এবার ভারতে নিলাম হলে কয়েক বছর পর দেশের মাটিতে ফিরবে আইপিএলের (IPL) এই আয়োজন। এর আগে নিলাম হয়েছে বিদেশে। দুবাই, জেড্ডা ও আবু ধাবিতে। বিয়ের মরশুমে দেশের পাঁচতারা হোটেলে পর্যাপ্ত ঘর পাওয়া এবং ফ্র্যাঞ্চাইজিগুলির প্রতিনিধিদের থাকার ব্যবস্থা করাই অতীতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। সেই কারণেই বিদেশে নিলাম আয়োজন করতে হয়েছিল বলে বোর্ডের তরফে আগে জানানো হয়েছিল।
এদিকে, ১৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের এক দিনের আন্তর্জাতিক ম্যাচ নির্ধারিত রয়েছে। একই দিনে নিলাম ও আন্তর্জাতিক ম্যাচ থাকায় সূচি নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে, ১৩ ডিসেম্বর নয়াদিল্লিতে নির্ধারিত প্রথম এক দিনের ম্যাচের ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে খবর।
