ওয়েব ডেস্ক : দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি বরানগরের এক দম্পতির। কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের (Chorbagan Durga Puja Stampede) ঘটনায় মৃত্যু হয়েছে দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী দীপালি ঘোষের। গতকাল বিকেলে বাড়ি থেকে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু আর বাড়ি ফেরা হল না।
দিলীপ ও দীপালি ঘোষ বরানগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ১৪/১ এন কে চ্যাটার্জি লেনের বাসিন্দা ছিলেন। দিলীপবাবু পেশায় বরানগরের আইএসআইয়ে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিলীপবাবু ও তাঁর স্ত্রী দু’জনেই ঘুরতে এবং ঠাকুর দেখতে ভালোবাসতেন। পুজোর আনন্দে মেতে উঠতেই বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু চোরবাগানের দুর্ঘটনা তাঁদের জীবনের শেষ যাত্রা হয়ে উঠল।
আরও খবর : চোরবাগানকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের, আটক ১৪
দম্পতির মৃত্যুসংবাদ এলাকায় পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। পরিচিত ও প্রতিবেশীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। যে দম্পতি একসঙ্গে পুজো দেখতে বেরিয়েছিলেন, তাঁদের দু’জনেরই এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না স্থানীয়রা।
উল্লেখ্য, সপ্তমীর সন্ধ্যা। ঘড়ির কাঁটায় তখন ৭টা ৪০ মিনিট। প্রত্যক্ষদর্শীদের দাবি, মাইকে কিছু ঘোষণার পর হুড়োহুড়ি শুরু হয়। মণ্ডপ থেকে বেরতে গিয়ে পড়ে যান বেশ কয়েকজন। তারপর মর্মান্তিক ঘটনা ঘটে। শেষ পাওয়া খবর অনুযায়ী ১৯ জনের মৃত্যু হয়েছে। জখম অনেকেই। তাঁদের মধ্যেই রয়েছেন বরানগরের দম্পত্তিও।
