১.২৬ কোটি টাকায় শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটে কিনল রাজ্য, জিরাটে শুরু সংগ্রহশালা তৈরির কাজ

Must Read

কলকাতা: ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherjee) স্মৃতিকে সংরক্ষণ করতে তাঁর হুগলির (Hooghly) জিরাটের পৈতৃক ভিটে কিনে নিল রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে চার উত্তরসূরির কাছ থেকে প্রায় ১ কোটি ২৬ লক্ষ টাকায় বাড়িটি সরাসরি কেনা হয়েছে। ইতিমধ্যেই সম্পত্তির মালিকানা সরকারি দপ্তরের হাতে চলে এসেছে এবং সংগ্রহশালা তৈরির প্রাথমিক কাজও শুরু হয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, ৩ জুন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বাড়িটি কেনার সিদ্ধান্ত হয়। পরে জেলা প্রশাসনের ডাইরেক্ট ল্যান্ড পারচেজ কমিটির বৈঠকের পর দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ৩ জুলাই কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স দপ্তরে জমি ও বাড়ির রেজিস্ট্রি সম্পন্ন হয়। একই দিন উত্তরসূরিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রয়মূল্যের অর্থও পাঠিয়ে দেওয়া হয়।

আরও খবর : জেল হেফাজতের নির্দেশ বদল, ধর্মতলা কাণ্ডে ধৃত ১৬ জনেরই মিলল জামিন

প্রায় ০.৩০ একর জমির উপর অবস্থিত এই ঐতিহাসিক বাড়িটির জমির মূল্য ধরা হয়েছে ১ কোটি ১৫ লক্ষ টাকা এবং বাড়ির কাঠামোর মূল্য প্রায় ১০.৫৬ লক্ষ টাকা। প্রশাসনিক খরচ মিলিয়ে মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ২৮ লক্ষ টাকা।

নির্বাচনী প্রচারের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জিরাটের এই বাড়িকে সংগ্রহশালা ও গ্রন্থাগারে রূপান্তরের আশ্বাস দিয়েছিলেন। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতেই সরকার দ্রুত পদক্ষেপ করেছে বলে প্রশাসনিক মহলের দাবি। ভবিষ্যতে এখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত বিভিন্ন নথি, ছবি ও ঐতিহাসিক উপকরণ সংরক্ষণ করা হবে। পাশাপাশি একটি আধুনিক গ্রন্থাগার, পার্ক, অডিটোরিয়াম এবং পূর্ণাবয়ব মূর্তি নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

রাজ্য সরকারের মতে, বাংলার ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ ধাপে ধাপে সম্পূর্ণ করা হবে বলে জানানো হয়েছে।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This