কলকাতা: রাজ্যজুড়ে কালবৈশাখী ও বৃষ্টির (Thunderstorm) জেরে এক ধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রা। গরমের দাপট থেকে মিলেছে স্বস্তি। শনিবারও রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনার (Weather Forecast) কথা জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে (Weather Today), বর্তমানে মধ্য পাকিস্তানের উপর অবস্থানকারী একটি ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড় হয়ে অভ্যন্তরীণ ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি পশ্চিমী বায়ুপ্রবাহে অবস্থিত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতায় সক্রিয় রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের লেটেস্ট বুলেটিন অনুযায়ী, শনিবার কলকাতা (Kolkata Weather) সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি। বিশেষভাবে সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায়। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: ঝড়-বৃষ্টিতে রাজ্যে মৃত ৭, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা সরকারের
উত্তরবঙ্গের (North Bengal Weather) আবহাওয়াতেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। শনিবার দার্জিলিং, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং ও কালিম্পং জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টি চলবে। আগামী ২ জুন পর্যন্ত মোটামুটি একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। এরপর ফের রাজ্যে ঝড়-বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দেখুন আরও খবর:
