ওয়েব ডেস্ক : দিল্লিতে আটক থাকার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি পেলেন ককরোচ জনতা পার্টি (CJP)-র তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। রবিবার, ১১ অক্টোবর, দিল্লির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাঁদের মুক্তির নির্দেশ দেন। তবে আগামী এক বছর শান্তি বজায় রাখার শর্তে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের আইন বিষয়ক প্রধান রত্না সিং।
শনিবার মুম্বই থেকে আসা একটি বিমানে দিল্লিতে পৌঁছনোর পরই তিন নেতাকে আটক করে দিল্লি পুলিশ (Delhi Police)। রাজধানীর যন্তর মন্তরে তাঁদের প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচির আগে এই পদক্ষেপ করা হয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওই কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি।
আরও খবর : মোদিকে ‘মোগাম্বো’ বলে নিশানা রাহুলের!
এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম ও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলে প্রতিবাদ জানাতে চেয়েছিলেন দলের নেতারা। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং সাধারণ মানুষের অসুবিধার আশঙ্কার কথা জানিয়ে প্রস্তাবিত বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ।
আটকের পর রবিবার তিন নেতাকে দক্ষিণ-পশ্চিম দিল্লির দিল্লি ক্যান্টনমেন্ট এলাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়। সেখানেই তাঁদের মুক্তির নির্দেশ দেওয়া হয়।
