মোদিকে ‘মোগাম্বো’ বলে নিশানা রাহুলের!

Must Read

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও বিজেপির বিরুদ্ধে বিরোধী কণ্ঠস্বর দমনের অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। শনিবার চেন্নাইয়ে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিল্লিতে পড়ুয়াদের উপর হামলা, ইন্টারনেট পরিষেবা বন্ধ এবং বিক্ষোভকারীদের আটক করার প্রসঙ্গ তোলেন তিনি। একই সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থা, ভাষানীতি এবং তামিলনাড়ুর বিশ্ববিদ্যালয়গুলির পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে নিশানা করেন কংগ্রেস নেতা। প্রধানমন্ত্রীকে ‘মোগাম্বো’ বলে কটাক্ষ করেন তিনি। অমরীশ পুরী অভিনীত ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির বিখ্যাত খলনায়ক মোগাম্বোর জায়গায় মোদির মুখ বসিয়ে তৈরি একটি ভিডিও দেওকানো হয় ওই অনুষ্ঠানে।

রাহুল গান্ধীর (Rahul Gandhi) অভিযোগ, “প্রশ্ন করার অধিকার, জানার অধিকারের ভিতকে ধ্বংস করেছেন নরেন্দ্র মোদি।” তাঁর বক্তব্য, গণতন্ত্রে মানুষের প্রশ্ন করার স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলেই বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দিল্লির বিক্ষোভের প্রসঙ্গ তুলে রাহুল বলেন, “গোটা শহর বন্ধ করে দেওয়া হয়েছিল। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। পুলিশ পড়ুয়াদের মারছিল। বিজেপি তাদের গুন্ডাদের পাঠিয়েছিল, যারা পড়ুয়াদের মারছিল।”

আরও খবর : দিল্লিতে বিক্ষোভ ঘিরে ১৫০০-র বেশি আটক, ধৃত মমতা-কেজরিওয়াল-সহ চার প্রাক্তন মুখ্যমন্ত্রী

ভাষানীতি নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন রাহুল। তাঁর অভিযোগ, জাতীয় শিক্ষানীতির নামে ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তামিলনাড়ুর শিক্ষা খাতে কেন্দ্রীয় বরাদ্দ নিয়েও সরব হন কংগ্রেস নেতা। তাঁর অভিযোগ, জাতীয় শিক্ষানীতির কথা বলে রাজ্যের ৩৩০০ কোটি টাকা আটকে রাখা হয়েছে। তামিল মাধ্যমে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ নিয়েও প্রশ্ন তোলেন রাহুল। তাঁর দাবি, তামিল মাধ্যমের স্কুলের পড়ুয়াদের ডাক্তারি পড়ার সুযোগ ৮৭ শতাংশ কমে গিয়েছে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, রাজ্যপালের অনুমোদন না মেলায় তামিলনাড়ুর ৭০ শতাংশ বিশ্ববিদ্যালয়ে কোনও উপাচার্য নেই।

রাহুল (Rahul Gandhi) আরও অভিযোগ করেছেন, আর্থিক শক্তি এবং আন্তর্জাতিক শক্তির কাছে নরেন্দ্র মোদি (Narendra Modi) আপস করেছেন। এই শক্তিগুলিই মোদিকে নিয়ন্ত্রণ করছে। মোদি এখন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছেন। ভারতের মানুষের মনোভাব, পড়ুয়াদের মধ্যে তৈরি হওয়া ক্ষোভ এবং বিরোধীরা যে কাজ করেছে, তার প্রভাব এখন তাঁর উপর পড়তে শুরু করেছে।

এছাড়া চেন্নাইয়ের অনুষ্ঠানে তামিলনাড়ুর দুই বিশিষ্ট চিন্তাবিদ পেরিয়ার ও তিরুবল্লুভরের কথাও তুলে ধরেন রাহুল গান্ধী। তাঁদের চিন্তাভাবনা ও দর্শনের প্রসঙ্গ টেনে পড়ুয়াদের মধ্যে কৌতূহল এবং স্বাধীনভাবে ভাবার ক্ষমতা গড়ে তোলার উপর জোর দেন তিনি।

রাহুলের বক্তব্য, কৌতূহল থেকেই প্রশ্নের জন্ম হয়, আর প্রশ্ন থেকেই নতুন ভাবনা ও উদ্ভাবনের পথ তৈরি হয়। কোনও ব্যবসা, দেশ, শিল্প, নাচ কিংবা সঙ্গীত, যে কোনও সৃষ্টিশীল কাজের পিছনেই থাকে কোনও না কোনও প্রশ্ন। তাঁর মতে, নিজেদের সংস্কৃতি, ইতিহাস ও মাটির সঙ্গে সংযোগ থেকেই কৌতূহল তৈরি হয়। তিনি আরও বলেন, সংবিধান নাগরিকদের ক্ষমতায় থাকা ব্যক্তিদের প্রশ্ন করার অধিকার দিয়েছে। ভোটের মাধ্যমে মানুষ শাসকদের কাছে জবাব চাইতে পারেন। তাই পড়ুয়াদের প্রশ্ন করার স্বাধীনতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ।

Latest News

জাতীয় দলের শিবির ছাড়ার জের, সাময়িক নির্বাসিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! তদন্ত শুরু পর্তুগাল ফেডারেশনের

ওয়েব ডেস্ক : জাতীয় দলের শিবির ছাড়ার ঘটনায় বড় ধাক্কা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। পর্তুগাল ফুটবল ফেডারেশন তাঁর বিরুদ্ধে...

More Articles Like This