ওয়েব ডেস্ক : প্রভিডেন্ট ফান্ডের (PF) টাকা তুলতে আর দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে না! এটিএম (ATM) ও ইউপিআইয়ের (UPI) মাধ্যমে পিএফের টাকা তোলার পরিষেবা চালুর প্রস্তুতি নিচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও (EPFO)। কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী, নতুন এই ব্যবস্থা চালু হলে কয়েক কোটি পিএফ গ্রাহকের কাছে নিজেদের সঞ্চয়ের টাকা পাওয়া আরও সহজ হতে পারে। প্রাথমিকভাবে চলতি বছরের জুন মাসে পরিষেবা চালুর লক্ষ্যমাত্রা থাকলেও সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে। তবে চলতি বছরের মধ্যেই পরিষেবাটি চালুর পরিকল্পনা রয়েছে বলে খবর।
ইপিএফও ৩.০ (EPFO 3.0) নামের নতুন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে এই পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু এটিএম থেকেই নয়, ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই ব্যবহার করেও পিএফের টাকা তোলার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তার আগে পরীক্ষামূলকভাবে বা পাইলট প্রকল্পের মাধ্যমে গোটা ব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে। সেই পরীক্ষা সফল হলে ডিসেম্বরের মধ্যে পরিষেবা চালু হতে পারে।
আরও খবর : দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়! প্রিজন ভ্যানে বসেই গাইলেন, ‘আঁখো মে ভর লো পানি’
এতদিন পিএফের টাকা তুলতে গ্রাহকদের অনলাইনে আবেদন-সহ একাধিক ধাপ পেরোতে হত। আবেদন জমা দেওয়ার পর তা যাচাই এবং অনুমোদনের প্রক্রিয়াতেও সময় লাগত। কোনও ক্ষেত্রে আবেদন বাতিল হলে নতুন করে সমস্যায় পড়তে হত গ্রাহকদের। নতুন ব্যবস্থায় সেই জটিলতা কমিয়ে দ্রুত টাকা পাওয়ার পথ তৈরি করাই ইপিএফওর লক্ষ্য।
জানা গিয়েছে, নতুন ব্যবস্থায় গ্রাহকরা তাঁদের মোট পিএফ ব্যালেন্সের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত টাকা ইউপিআইয়ের মাধ্যমে তুলতে পারবেন। বাকি ২৫ শতাংশ অবসরকালীন সঞ্চয় হিসেবে অ্যাকাউন্টে রেখে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই টাকার উপর নিয়ম অনুযায়ী সুদও জমা হতে থাকবে।
